Monday, November 23, 2026
Homeবিদেশগাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল: অক্সফাম

গাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল: অক্সফাম

তিন বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা। বিষাক্ত পানি ও দূষিত মাটি ২৩ লাখ মানুষের এই ভূখণ্ডে ফিলিস্তিনিদের হুমকির মুখে ফেলেছে।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহারে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশ দূষণ ঘটিয়েছে।

আজ সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘ধ্বংসযজ্ঞ ও দূষণের কারণে গাজার মানুষের নিরাপদ ও সুস্থ জীবনযাপনের ন্যূনতম পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি বলেন, গাজায় হামলার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে ইসরায়েলের স্থাপনা ও পরিবেশ ধ্বংসের কারণে গাজায় বায়ু, মাটি, খাদ্য ও পানি দূষিত হয়েছে।

এতে ফিলিস্তিনিদের জীবন রক্ষায় সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করতে এবং তা প্রশমনে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের জরুরি তাগিদ দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, স্যাটেলাইটের ছবি, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি অক্সফামের প্রতিবেদনটি গাজায় ইসরায়েলের হামলার প্রভাব সম্পর্কে এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে।

এ হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে কথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত ইসরায়েলের স্থল অভিযান গাজার ৩৬৫ বর্গকিলোমিটার (১৪১ বর্গমাইল) আয়তনের মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার (১০৯ বর্গমাইল) এলাকায় সরাসরি প্রভাব ফেলেছে, যা ভূখণ্ডটির ৭৮ শতাংশ।

প্রতিবেদনে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া ও সালাহ আল-দিন করিডরে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি।

২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। 

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলার শুনানি চলছে। জানুয়ারিতে আইসিজে বলেছিল, গাজায় ইসরায়েলের গণহত্যা সংঘটনের অভিযোগের ‘ভিত্তি’ আছে।

Most Popular