Monday, November 23, 2026
Homeখেলাহতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ

হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ

স্কোরবোর্ডে পুঁজি মোটে ৯১। বল হাতে তাই অভাবনীয় কিছু করলেই ম্যাচে ফেরার সুযোগ থাকবে। সেই পথে পেসাররা কিছু সুযোগ আনলেন বটে, তবে তা নেওয়া গেল না। সেঞ্চুরিয়নে চরম হতাশার দিন শেষ করল বাংলাদেশ।

সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ম্যাচে চরম ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে ১ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের হাতে আছে আরও ৯ উইকেট।

বল পুরনো হতে শুরু করায় দ্বিতীয় দিনে বাংলাদেশের ওপর বিশাল রানের লিডের শঙ্কা। আগের টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা মার্কাস অ্যাকারম্যান ৪৬ ও জুবাইর হামজা ৯ রানে ক্রিজে আছেন। দুজনেই পেয়েছেন জীবন।

বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য আনেন ইবাদত হোসেন। নিজের করা প্রথম ডেলিভারিতে আউট করেন এইডেন মার্করামকে (২১)।

অবশ্য বাংলাদেশ সাফল্য পেতে পারত তৃতীয় ওভারেই। তাসকিন আহমেদের বলে অ্যাকারম্যানের জোরালো এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি, আলোচনার পর রিভিউ নেননি শান্ত। কিন্তু রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন অ্যাকারম্যান, তখন ১ রানে ছিলেন তিনি। প্রোটিয়াদের রান ছিল ৫। জীবন পেয়ে আরও ৪১ রান যোগ করে নিয়েছেন বাঁহাতি ওপেনার।

একাদশ ওভারে সহজ সুযোগ হাতছাড়া করেন তাওহিদ হৃদয়। খালেদ আহমেদের বলে শূন্য রানে ক্যাচ দিয়েছিলেন জুবাইর হামজা।

Ebadot Hossain got Aiden Markram with a short ball, South Africa vs Bangladesh, 2nd Test, Centurion, 1st day, November 23, 2026সুপারস্পোর্ট পার্কের উইকেটে পেসারদের জন্য ছিল অনেক রসদ। তা কাজে লাগানোর চেষ্টা করেছেন খালেদ-তাসকিনরা। তবে এমন উইকেটে কীভাবে প্রথম দিকটা সামাল দিয়ে এগোতে হয়, তা ভালোই জানা আছে স্বাগতিকদের।

বাংলাদেশের ব্যাটাররা যেই কাজ জানতেন না। বৃষ্টিতে দিনের প্রথম সেশন ভেসে যাওয়ার পর টস হেরে ব্যাট করতে নেমেই হাবুডুবু খেতে থাকেন টাইগার ব্যাটাররা। মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদার গতির ঝাঁজের কোনো জবাব জানা ছিল না তাদের। 

মাত্র ৩৩.৩ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টে কোনো দলের এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৬ সালে এই মাঠে ইংল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানে অলআউট হয়েছিল।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পতন শুরু। ইয়ানসেনের বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন তানজিদ হাসান তামিম। অন্যপ্রান্তে মাহফিজুল ইসলাম রবিন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরে থিতু হওয়ার আভাস দিচ্ছিলেন। তবে প্রথম বোলিং পরিবর্তনেই কাবু হন তিনি। একাদশে ফেরা নরকিয়ার ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে স্টাম্প হারান দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করা এই ওপেনার। এক বল পরই নরকিয়ার লাইন বুঝতে না পেরে বোল্ড হন অধিনায়ক শান্তও।

৪৪ রানে ৩ উইকেট হারানোর পর বিপদ সামাল দেওয়ার ভার ছিল মুমিনুল হক ও তাওহিদ হৃদয়ের ওপর। কিন্তু থিতু হয়েও ভিয়ান মুল্ডারের বল স্টাম্পে টেনে বোল্ড হন মুমিনুল। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান লিটন দাস ও হৃদয়ও ব্যর্থ হন। ইয়ানসেনের বলে গালিতে ক্যাচ দেন লিটন, আর সাইমন হার্মারের অফ স্পিনে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ১৯ রান করা হৃদয়। প্রথম সেশনেই ২৭ ওভারে ৮৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

চা-বিরতির পর ফিরেই দ্রুত মুড়ে যায় ইনিংস। ক্ষ্যাপাটে শটে রাবাদাকে ওড়াতে গিয়ে ক্যাচ দেন শরিফুল ইসলাম। এরপর জাকের আলি অনিককে এলবিডব্লিউ এবং তাসকিন আহমেদকে স্লিপে ক্যাচ বানান এই মাঠের সর্বোচ্চ উইকেটশিকারি রাবাদা। শেষ ব্যাটার খালেদ আহমেদকে থার্ড ম্যানে ক্যাচ বানিয়ে ইনিংসের ইতি টানেন ইয়ানসেন।

প্রোটিয়াদের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন ইয়ানসেন, রাবাদার শিকার ২৩ রানে ৩ উইকেট। এ ছাড়া নরকিয়া ১০ রানে নেন ২ উইকেট।

 

Most Popular