ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তবে এ ক্ষেত্রে দল দুটি কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি বাতিল করা।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সরকার এই সংলাপের উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সচিবালয়ে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন।
বৃহত্তর ঐকমত্য গড়ে তুলতে সর্বদলীয় বৈঠক ডাকার আগে জামায়াতকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে সরকার।
গতকাল যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশ একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে সরকারপ্রধান সংলাপের ডাক দিলে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সাড়া দেব।’
তবে তিনি বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট অঙ্গীকার করতে হবে এবং ‘জনগণকে দেওয়া আগের প্রতিশ্রুতি ভঙ্গের’ জন্য ক্ষমা চাইতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আহ্বান স্পষ্ট—সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার গতকাল বিকেলে নিশ্চিত করেন, আজ দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হবে।
তিনি বলেন, ‘আমাদের আলোচনার মূল বিষয় হবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রতি বিএনপির নমনীয় অবস্থান। পাশাপাশি আমরা ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাব।’
সারোয়ার তুষার জানান, ‘ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, তাদের অন্যান্য প্রধান দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন।
বিএনপি দুই দফায় জাতীয় ঐক্য বিনষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, প্রথমত দলটি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং দ্বিতীয়ত নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে।
নাহিদ বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলটি সেই অবস্থান থেকে সরে এসেছে।
এদিকে সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও এর পেছনে কোনো ‘অসৎ উদ্দেশ্য’ নেই বলে আশা প্রকাশ করেছে জামায়াত।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ডেইলি স্টারকে বলেন, ‘আমরা উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছি।’
তিনি বলেন, গণতন্ত্র, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনআকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যের প্রেক্ষাপটে তারা বিষয়টিকে দেখছেন।
তবে উদ্যোগটির গতিপথ গুরুত্বপূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে সরকারগুলো নিজেদের পছন্দমতো সংলাপ পরিচালনার চেষ্টা করায় সেসব উদ্যোগ ব্যর্থ হয়েছিল।
উদ্যোগটি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা বা কাউকে তা নস্যাৎ করার সুযোগ না দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জামায়াত এখনো কোনো তারিখ বা আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। গোলাম পরওয়ার জানান, আমন্ত্রণ পাওয়ার পর সরকারের আলোচ্যসূচি ও কার্যপরিধি বিবেচনা করে তারা বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত শুক্রবার ঢাকায় এক সমাবেশে গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্যের ভিত্তি ছিল জুলাই সনদ। গণভোটের রায় প্রত্যাখ্যান করে সরকার এই সনদকে উপেক্ষা করছে এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে তিনি বলেন, ‘আপনারা যদি ৭০ শতাংশ মানুষের রায় মেনে না নেন, তবে কোন ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন? আগে তাদের রায় মেনে নিন, তাহলেই ফ্যাসিবাদ প্রতিরোধ করতে পারবেন।’
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন বিদেশে আত্মগোপনে বা কারাগারে রয়েছেন।
অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। গত বছরের ৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে।
সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আবার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে। এর পরপরই কয়েকটি জেলায়, বিশেষ করে তার নিজ জেলা গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে।
যানবাহন, পুলিশের স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর লক্ষ্য করে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এসব হামলার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছে।
এমন প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। জুলাই গণ-অভ্যুত্থানের মতোই একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বিষয়টি নিয়ে একান্তে আলোচনা করেন।
বিএনপির সূত্রগুলো জানায়, সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আহ্বানের ধারাবাহিকতাতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। ক্ষমতাসীন দল আশা করছে, প্রস্তাবিত বৈঠকগুলোর মাধ্যমে প্রমাণ হবে যে ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐকমত্যে পৌঁছাতে এবং ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে সক্ষম।
সূত্রগুলো আরও জানায়, রাজনৈতিক প্রতিপক্ষের বিভেদের সুযোগ আওয়ামী লীগ নিতে পারে, এমন আশঙ্কা থেকেই উভয় পক্ষ এখন সম্পর্ক মেরামতের প্রয়োজনীয়তা অনুভব করছে।
যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী নেটওয়ার্ক যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কোনো কর্মকাণ্ড চালাতে না পারে। অন্তত এ বিষয়ে আমাদের সবার একমত হওয়া প্রয়োজন।’
বিএনপির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য জানান, প্রস্তাবিত বৈঠকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি তারা তুলবেন না। তিনি বলেন, ‘দেখা যাক অন্য দলগুলো কী করে।’
১৯৯৯ সাল থেকে জোটবদ্ধ থাকা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি ও জামায়াতের মধ্যে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে থেকেই সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।
অভ্যুত্থানের পর গঠিত এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়।
এনসিপির নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে ২০২৫ সালের মে মাসের শুরুতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে বিএনপি ও জামায়াত উভয় দলই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছিল।
তবে নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর মতপার্থক্য বাড়তে থাকে।
বিরোধী দলগুলোর অভিযোগ, বিএনপি গণভোট-সমর্থিত সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে সংবিধান সংশোধনের বিষয়টি মূলত সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার হাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
অন্যদিকে বিএনপির দাবি, সই হওয়া সনদ বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদের যুক্তি হলো, সংবিধান সংশোধনের বিষয়টি শেষ পর্যন্ত সংসদের মাধ্যমেই পাস হতে হবে। এ লক্ষ্যে প্রস্তাবিত সংশোধনীগুলো সুপারিশ করতে সরকার একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছে।
এছাড়া প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের আইনি বৈধতাও নাকচ করে দিয়েছে সরকার। সরকারের যুক্তি হলো, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ শুরু থেকেই আইনগতভাবে অকার্যকর বা বাতিল ছিল।
তবে বিরোধী দলগুলো ওই আদেশ মেনে চলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছে, যেখানে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের তদারকিতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিধান রয়েছে।
