Monday, November 23, 2026
Homeখেলা৩৪৫ জয়ে লা লিগার ইতিহাসে সবার ওপরে সিমিওনে

৩৪৫ জয়ে লা লিগার ইতিহাসে সবার ওপরে সিমিওনে

২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে প্রায় ১৫ বছর। এই সময়ে কত উত্থান-পতনই না দেখেছেন দিয়েগো সিমিওনে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যেও দুবার জিতেছেন লা লিগা, খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। এবার আরও একটি অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই কোচ। গেতাফেকে হারিয়ে স্প্যানিশ লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

রোববার গেতাফের মাঠ কলিসিয়ামে স্প্যানিশ লা লিগার ত্রয়োদশ রাউন্ডের ম্যাচে ৩-০ গোলে জিতেছে অ্যাতলেতিকো। আলেক্স বায়েনা, জনি কার্দোসো ও আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে পাওয়া এই জয়টি ছিল লা লিগায় সিমিওনের ৩৪৫তম। এত দিন ৩৪৪ জয় নিয়ে রেকর্ডটি এককভাবে ছিল আরাগোনেসের দখলে। এবার তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ৫৬ বছর বয়সী সিমিওনে।

অথচ এই রেকর্ড গড়তে আরাগোনেসের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে সিমিওনের। ২০১২ সালের জানুয়ারিতে অ্যাতলেতিকোর হয়ে লা লিগায় কোচিং শুরু করেছিলেন তিনি। এরপর ৫৬৭ ম্যাচে পেয়েছেন ৩৪৫ জয়। ড্র করেছেন ১২৩ ম্যাচে, হেরেছেন ৯৯টিতে।

অন্যদিকে আরাগোনেস ৭৫৬ ম্যাচে জিতেছিলেন ৩৪৪টি। অ্যাতলেতিকো ও বার্সেলোনাসহ আটটি ক্লাবের কোচ হিসেবে এই জয় পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। অর্থাৎ আরাগোনেসের চেয়ে ১৮৯ ম্যাচ কম খেলিয়েই তার জয়ের রেকর্ড ভেঙেছেন সিমিওনে।

তালিকায় তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মিগেল মুনিয়স। তার জয় ৩২৩টি। এরপর আর্নেস্তো ভালভার্দের ২৭৮ ও ম্যানুয়েল পেলেগ্রিনির ২৭২ জয়।

রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সিমিওনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অর্জনের পেছনে নিজের পরিবার, ফুটবলার, ক্লাব ও সমর্থকদের অবদানের কথা তুলে ধরেছেন তিনি।

সিমিওনে বলেন, ‘এই ৩৪৫টি জয়ের পেছনে অনেক মানুষের অবদান আছে। আমার ক্ষেত্রে স্ত্রী কার্লা খুব গুরুত্বপূর্ণ শক্তি। আজকের এই জায়গায় পৌঁছাতে সে আমাকে অনেক সাহায্য করেছে। এরপর আছে খেলোয়াড়েরা, ক্লাব, সমর্থকেরা এবং প্রতিদিন আমার পাশে থাকা মানুষগুলো। আমার সন্তানেরাও সব সময় আমাকে সমর্থন দেয়, উৎসাহ জোগায়। এসব আমাকে আবেগাপ্লুত করে, আনন্দ দেয়।’

শুধু রেকর্ড নয়, মাঠের পারফরম্যান্সেও দিনটি ছিল সিমিওনের জন্য স্বস্তির। গেতাফের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে অ্যাতলেতিকো। আক্রমণভাগে ছিলেন হুলিয়ান আলভারেস ও সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় অ্যাতলেতিকো। আলভারেসের বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন বায়েনা। গেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়া ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।

এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল অ্যাতলেতিকো। আলভারেস নিজেও গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তার দুটি প্রচেষ্টা রুখে দেন গেতাফে গোলরক্ষক। ৩০ মিনিটে আর রক্ষা হয়নি স্বাগতিকদের। এবারও গোলের পেছনে অবদান আলভারেসের। তার নেওয়া কর্নার থেকে কাছের দূরত্বে বল জালে পাঠান জনি কার্দোসো। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাতলেতিকো।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল সিমিওনের দল। তবে যোগ করা সময়ের আগে আলেক্সান্দার সরলথকে বক্সের মধ্যে ফাউল করেন গেতাফের অধিনায়ক জেনে দাকোনাম। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। একই ঘটনায় লাল কার্ডও দেখেন দাকোনাম। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন গ্রিমালদো।

এই জয়ে লা লিগার শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান ধরে রেখেছে অ্যাতলেতিকো। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিমিওনের দল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
 

Most Popular