লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে হামলায় তিনি নিহত হন।
আজ মঙ্গলবার সকালে বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে নিহতের পরিবারকে এ তথ্য জানানো হয়।
নিহত শুভ দাস (২২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের ভ্যানচালক সুরঞ্জন দাসের ছেলে।
শুভর বড় ভাই শান্ত দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের কোনো জমিজমা নেই। বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। সংসারের অভাব দূর করতে ধার-দেনা করে ২০২৪ সালে ছোট ভাইকে লেবাননে পাঠানো হয়। সেখানে একটি গরুর খামারে কাজ করত সে। আজ সকালে দূতাবাস থেকে ফোন করে জানানো হয়, ড্রোন হামলায় আমার ভাই মারা গেছে।’
মা শিখা রানী দাস ডেইলি স্টারকে বলেন, ‘সোমবার রাতেও শুভর সঙ্গে কথা হয়েছে। আমি বলেছিলাম, আগামী মাসে বাড়ি আয়। সে বলেছিল, মা বছরের শেষে আসব। কে জানত, এটাই শেষ কথা।’
তিনি বলেন, ‘ছেলেকে জীবিত দেখতে পারলাম না। এখন শুধু চাই, ওর মরদেহটা যেন দেশে আনা হয়।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ডেইলি স্টারকে বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
