Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশউখিয়া ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

উখিয়া ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্যাম্প-৮ এর ব্লক-বি এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ যুবক হাসমত উল্লাহ (২২) ওই ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।’

‘সশস্ত্র হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পে অভিযান চালাচ্ছে ও টহল জোরদার করা হয়েছে,’ বলেন ওসি।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে পুলিশ সদস্যরা উদ্ধার করে প্রথমে ক্যাম্পের ভেতরের ব্র্যাক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে উখিয়ার কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসমত উল্লাহর ডান হাতে দুটি গুলিবিদ্ধ হওয়ার ক্ষত রয়েছে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি।

সম্প্রতি ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দুই সশস্ত্র গোষ্ঠী নবি হোসেন গ্রুপ, যা আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) নামেও পরিচিত ও আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

গত ৬ মে দুপুর আড়াইটার দিকে বালুখালী ক্যাম্পে এআরও সদস্যদের গুলিতে ক্যাম্পের মোহাম্মদ কামাল ওরফে নূর কামাল (৪৫) নিহত হন। তিনি এআরএ গ্রুপের প্রধান নবি হোসেনের ছোট ভাই ছিলেন।

এর একদিন আগে, ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুখালীর ক্যাম্প-৭ এ নবি হোসেন গ্রুপের সদস্যদের গুলিতে এআরও কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম (৪৫) নিহত হন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় আরও দুই রোহিঙ্গা আহত হন।

রোহিঙ্গা নেতাদের বরাতে পুলিশ জানায়, সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্যাম্প-৮ পশ্চিমে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি আবারও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় হাসমত উল্লাহ গুলিবিদ্ধ হন।

Most Popular