কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অভিনেতা, নাট্য-পরিচালক আতাউর রহমানকে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছেন আজ মঙ্গলবার বিকেলে।
এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
আজ বিকেল ৩টা ২৫ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে আতাউর রহমানের মরদেহ আনা হলে দেশের সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
শুধু ব্যক্তিপর্যায়েই নয়, বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত এই নাট্যজনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করে কণ্ঠশীলন, ছায়ানট, আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা থিয়েটার।
শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্যে সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা তাদের প্রিয় এই নাট্যব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানান।
দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমানের অবদান স্মরণ করে অনেকেই তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
