রংপুর নগরীতে থুথু ফেলায় কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগে হোটেল মালিক মিজানুর রহমান মনুকে (৩২) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার সকালে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গত রাত সাড়ে ৯টার দিকে তিনি কর্মচারী শাওন ইসলামকে (২৬) লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে মারধর করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে রাত ১০টার দিকে ডিবি সদস্যরা তাকে আটক করেন।
শাওনের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে রাতেই কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শাওন খামার মোড় এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
মনু একই এলাকার আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত রাত সাড়ে ৯টার দিকে থুথু ফেলাকে কেন্দ্র করে শাওন ও মনুর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মনু তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে শাওনকে মারধর করেন। এক পর্যায়ে মাথায় আঘাত লাগলে শাওন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছেন, হোটেলের থালা-বাসন ধোয়ার জায়গায় প্রায়ই থুথু ফেলতেন শাওন। বারবার নিষেধ করার পরও একই কাজ করায় গত রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি শাওনকে হাতুড়ি দিয়ে মারধর করেন।’
