Friday, November 27, 2026
Homeবাংলাদেশসাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোর ৫টার দিকে নগরীর গ্র্যান্ড প্যালেস সিলেট হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল সকালে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুকুর এবং বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন ওই হোটেলে উঠেছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

‘তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে,’ বলেন সাইফুল।

Most Popular