স্বাস্থ্যসেবায় দরিদ্রদের সুযোগ যখন ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তখন সরকারি হাসপাতালগুলোর সুবিধার বড় অংশ ভোগ করছেন অপেক্ষাকৃত সচ্ছলরা।
সরকারেরই এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (এইচইইউ) এ গবেষণা চালিয়েছে।
এতে দেখা গেছে, গত ৬ বছরে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে দরিদ্রদের চেয়ে সচ্ছলরা বেশি সুবিধা পেয়েছেন। আর বহির্বিভাগের সেবায় আগে থেকেই তুলনামূলক সচ্ছলরা সুবিধা পেয়ে আসছেন।
গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, আয়ের হিসাবে পাঁচ শ্রেণির জনগোষ্ঠীর মধ্যে ২০১৬ সালে সরকারি হাসপাতালে ভর্তি রোগীর ৪৬ শতাংশ ছিল সবচেয়ে দরিদ্র দুই শ্রেণির মানুষ। সে বছর ভর্তির ২৮ শতাংশ ছিল অপেক্ষাকৃত সচ্ছল দুই শ্রেণির।
কিন্তু, ২০২২ সালে এসে এই চিত্র পুরোপুরি উল্টে যায়। ভর্তি সুবিধার ৩৩ শতাংশ পান দরিদ্রতম দুটি শ্রেণির মানুষ। আর সরকারি হাসপাতালে ভর্তির ৩৮ শতাংশ ছিল সচ্ছল দুই শ্রেণির।
বহির্বিভাগের সেবায় এই বৈষম্য প্রায় অপরিবর্তিত। ২০১৬ সালে সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবার ৩৫ শতাংশ সুবিধা পেয়েছিল দরিদ্রতম দুটি শ্রেণি। বিপরীতে ৪৫ শতাংশ ছিল ধনী দুটি শ্রেণির। ২০২২ সালে এই হার দাঁড়ায় যথাক্রমে ৩৭ ও ৪৪ শতাংশ।
গবেষণায় স্বাস্থ্য খাতে ব্যয়ের প্রবণতা, দারিদ্র্যের ওপর এর প্রভাব এবং সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের বৈষম্য যাচাই করা হয়। এতে ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালের চারটি ‘খানা আয় ও ব্যয় জরিপের’ তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
জরিপে নির্দিষ্ট টাকার অংকের পরিবর্তে গবেষকরা পরিবারের আয়, ভোগব্যয় বা সম্পদভিত্তিক সূচকের ভিত্তিতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্রমানুসারে পাঁচটি আয়ের শ্রেণি নির্ধারণ করেন।
আরেকটি গবেষণার বরাতে প্রতিবেদনে বলা হয়, সরকারি স্বাস্থ্যসেবার সুবিধাভোগীদের ন্যায্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ দরিদ্রদের স্বাস্থ্যসেবার চাহিদা তুলনামূলক বেশি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সব শ্রেণির মধ্যে সমানভাবে সুবিধা বণ্টন করা হলেও দরিদ্রদের প্রকৃত চাহিদার তুলনায় তা কম হবে।
এই বৈষম্য দূর করতে সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা আরও দরিদ্রমুখী করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, পরিবর্তিত এই চিত্র ইঙ্গিত দেয় যে দরিদ্র পরিবারগুলোর স্বাস্থ্যসেবার চাহিদার অনুপাতে সরকারি ব্যয় তাদের কাছে পৌঁছাচ্ছে না।
স্বাস্থ্যখাতের আরও দুটি উদ্বেগজনক প্রবণতার মধ্যেই এমন ফলাফল সামনে এলো। একদিকে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর মানু্ষের নির্ভরতা কমে যাচ্ছে। অন্যদিকে, মোট স্বাস্থ্য ব্যয়ে সরকারের অংশ কমে আসছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশে ভর্তি মোট রোগীর ৬১ শতাংশ ছিল সরকারি হাসপাতালে এবং ৩৭ শতাংশ ছিল বেসরকারি হাসপাতালে। ২০২২ সালে সরকারি হাসপাতালে ভর্তি হয় মোট রোগীর ৫৬ শতাংশ ও বেসরকারি হাসপাতালে ৪৩ শতাংশ।
সরকারের ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের তথ্য অনুযায়ী, দেশের জনগণের মোট স্বাস্থ্য ব্যয়ে সরকারের অংশীদারত্ব ১৯৯৭ সালে ছিল ১৭ শতাংশ। ২০২০ সালে তা ১০ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, এখন চিকিৎসার খরচের বড় অংশই সাধারণ মানুষকে পকেট থেকে মেটাতে হচ্ছে।
বাড়ছে আর্থিক বোঝা
এই পরিস্থিতি দেখা গেছে গবেষণার তিনটি প্রধান ফলাফলে। নিজেদের পকেট থেকে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ২০০৫ সালে আর্থিক সংকটে পড়েছিল ২৮ দশমিক ২ শতাংশ মানুষ। আর ২০২২ সালে সংকটে পড়া মানুষ ৪১ দশমিক ৭ শতাংশ।
২০২২ সালে সবচেয়ে দরিদ্র শ্রেণির প্রায় ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক দুর্দশায় পড়েছেন। আর ধনী শ্রেণি থেকে সমস্যায় পড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
চিকিৎসা ব্যয় আরও বেশি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। ২০২২ সালে নিজ পকেট থেকে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন, যা ২০০৫ সালে ছিল ৫৬ লাখ।
একই সময়ে বহির্বিভাগের চিকিৎসার জন্য মানুষ ক্রমেই স্থানীয় ওষুধের দোকানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ২০১৬ সালে স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নেন ৩২ দশমিক ৫ শতাংশ মানুষ। ২০২২ এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪ শতাংশে। এতে আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিকল্প খোঁজার প্রবণতা বাড়ার ইঙ্গিত পাওয়া যায়।
সচ্ছলদের সরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ার পেছনে দুটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন এইচইইউর ইউনিভার্সাল হেলথ কাভারেজ ও ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ফোকাল পয়েন্ট এবং গবেষণার অন্যতম মূল গবেষক সুব্রত পাল।
প্রথমত, মহানগর এলাকাগুলোতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব। গ্রামাঞ্চলে মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারলেও বড় শহরগুলোতে এই স্তরের সরকারি প্রতিষ্ঠান খুব কম। ফলে নানা ধরনের রোগে আক্রান্তরা টারশিয়ারি বা বিশেষায়িত সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে বাধ্য হন।
আবার, বেসরকারি হাসপাতালগুলোর বিপুল সংখ্যক রোগী সামলানোর সক্ষমতা সীমিত। করোনা মহামারি ও এর পরের বছরগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাবসহ বিভিন্ন জরুরি অবস্থায় সচ্ছলদেরও সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া ছাড়া তেমন কোনো উপায় ছিল না বলে জানান সুব্রত পাল।
দ্বিতীয় কারণটি হলো খাদ্যবহির্ভূত ব্যয় বৃদ্ধি, যা পরিবারের বাজেট সংকুচিত করেছে এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের সুযোগ কমিয়ে দিয়েছে।
গবেষক সুব্রত জানান, খাদ্যবহির্ভূত ব্যয় ২০১৬ সালের ১৩ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ১৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।
‘তুলনামূলক সচ্ছল পরিবারগুলো খরচ মেটাতে পারছে না, যে কারণে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে উঠছে,’ বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রায়ই সামাজিক ও রাজনৈতিক প্রভাব কাজ করে। প্রভাবশালী, রাজনীতি সংশ্লিষ্ট বা স্থানীয় ধনী শ্রেণির মানুষেরা দরিদ্রদের তুলনায় সরকারি স্বাস্থ্যসেবায় বেশি সুযোগ পান।
এতে নিম্ন আয়ের মানুষ আরও দরিদ্র্য হতে পারে বলে সতর্ক করেন তিনি।
অধ্যাপক বে-নজির বলেন, ‘চিকিৎসা ব্যয় এমনিতেই অনেক বেশি। জ্বরের মতো সাধারণ অসুখে চিকিৎসকের কাছে গেলেও দামি ওষুধের পাশাপাশি প্রায়ই কয়েক হাজার টাকার রোগ নির্ণয় পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।’
‘দরিদ্ররা যদি সরকারি হাসপাতালে সেবা না পান, তাহলে তাদের নিজেদেরই এসব খরচ বহন করতে হয়, যা তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করে। অনেকক্ষেত্রে তারা পুরো চিকিৎসা শেষ করার সামর্থ্য রাখেন না,’ যোগ করেন তিনি।
যেমন, কোনো রোগীকে ৫ দিনের অ্যান্টিবায়োটিক দেওয়া হলে আর্থিক সংকটের কারণে তিনি হয়তো মাত্র দুই দিনের ওষুধ কেনেন। ‘এতে অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে পারে এবং তাদের কাজ করার ও উপার্জনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়,’ বলেন এই অধ্যাপক।
রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। চিকিৎসার খরচ মেটাতে দরিদ্র পরিবারগুলো জমি, ছোট বসতভিটা বা গাছ বিক্রি করতে, ব্যবসার পুঁজি ভেঙে ফেলতে কিংবা চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয় বলেও উল্লেখ করেন তিনি।
বে-নজির আহমেদ এবং সুব্রত পাল দুজনই মনে করেন, চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসির ওপর ক্রমবর্ধমান নির্ভরতার পেছনেও এই পরিস্থিতির যোগসূত্র থাকতে পারে।
তবে সুব্রত পাল সতর্ক করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কমে যাওয়ার সঙ্গে ফার্মেসির ওপর নির্ভরতা বৃদ্ধির সরাসরি কোনো সম্পর্ক এই গবেষণায় আসেনি।
‘ফার্মেসি সহজ ও দ্রুত বিকল্প হিসেবে কাজ করে। কারণ সেখানে মানুষ প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনতে পারেন। অপেক্ষা কম করা লাগে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রক্রিয়া এড়িয়ে যেতে পারেন। এই সুবিধার কারণেই হয়তো আরও বেশি মানুষ সরাসরি ফার্মেসি থেকে চিকিৎসা নিচ্ছেন,’ বলেন তিনি।
‘কাজ করছে’ সরকার
দেশের সরকারি স্বাস্থ্যখাতের এই অবনতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বছরের পর বছর অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলার কারণে মানুষের নিজ পকেট থেকে চিকিৎসা ব্যয় বেড়েছে এবং মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল হতে বাধ্য করেছে।
২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়কালের এই গবেষণার উল্লেখ করে তিনি বলেন, ‘এই ফলাফলের কৃতিত্ব বা দায়—কোনোটিই বর্তমান সরকার নেবে না।’
গত মাসে গবেষণার ফলাফল উপস্থাপনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণায় চিহ্নিত অগ্রাধিকারমূলক নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করছে। তবে এই সংস্কারগুলো চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ।’
সরকারের অগ্রগতি পরিমাপের জন্য একটি ভিত্তি বা বেজলাইন নির্ধারণ করতে তিনি গবেষকদের ২০২৬ সালে স্বাস্থ্যখাতের ওপর একটি দ্রুত মূল্যায়ন পরিচালনার আহ্বান জানান।
