Wednesday, November 25, 2026
Homeবিনোদন‘আম্মাজান’ সিনেমা নিয়ে কী আক্ষেপ ছিল নায়ক মান্নার?

‘আম্মাজান’ সিনেমা নিয়ে কী আক্ষেপ ছিল নায়ক মান্নার?

নায়ক হিসেবে মান্নাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল ‘আম্মাজান’ সিনেমাটি। কিন্তু এই সিনেমা নিয়ে তার মনে ছিল কিছু আক্ষেপ।

কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাটি ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল। এই ছবিতে বাদশা চরিত্রে মান্নার অভিনয়, কিংবদন্তি অভিনেত্রী শবনমের মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় এবং আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘আম্মাজান’ গানটি বাংলা সিনেমার ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে।

নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে ‘আম্মাজান’ সিনেমাটি নিয়ে আক্ষেপের কথা জানান তিনি।

মান্না বলেছিলেন, ‘আমার অভিনীত কাজী হায়াৎ নির্মিত “আম্মাজান” সিনেমাটি নিয়ে অনেক ভালো লাগার স্মৃতি আছে। পাশাপাশি অনেক দুঃখও রয়েছে। সিনেমাটি মুক্তির পর দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। “আম্মাজান” সিনেমা নিয়ে অনেক প্রশংসা শুনেছি। এই সিনেমার জন্য এত জনপ্রিয়তা, নাম-ডাক ও সাড়া পেয়েছি। আমেরিকা, লন্ডন, দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি। সাংবাদিকেরা এই সিনেমার জন্য পুরস্কার দিয়েছেন, প্রযোজকেরাও দিয়েছেন। “আম্মাজান” সিনেমাটি সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করেছেন। এই ছবি থেকে সবকিছু পেলাম। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না। জাতীয় পুরস্কার না পাওয়ার কারণে আমার ভেতরে একটা দুঃখ রয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘যে সিনেমা মানুষ এত পছন্দ করল, প্রশংসা পেল, সেই ছবি পুরস্কার পেল না। “আম্মাজান আম্মাজান” গানটি দেশ-বিদেশের অসংখ্য মানুষ পছন্দ করেছে। সাংবাদিকেরা ব্যক্তিগতভাবে তাদের পছন্দের কথা বলেছেন। কিন্তু কোনো পুরস্কার এলো না। জাতীয় পুরস্কার পাইনি, এটা আমার অভিযোগ নয়। এটা আমার দুঃখ যে এই সিনেমার জন্য স্বীকৃতি পেলাম না।’

‘আম্মাজান’ সিনেমায় একজন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, অপরাধবোধ, কষ্ট, অভিমান ও প্রতিশোধের আকাঙ্ক্ষা—সবকিছুই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন মান্না।

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন নায়ক মান্না। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কাশেম মালার প্রেম’, ‘তওবা’, ‘দাঙ্গা’, ‘তেজি’, ‘আম্মাজান’, ‘আসলাম ভাই’, ‘সন্ত্রাসী মুন্না’, ‘ত্রাস’, ‘শান্ত কেন মাস্তান’, ‘সিপাহি’, ‘লাল বাদশা’, ‘মায়ের মর্যাদা’, ‘লুটতরাজ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘পিতা মাতার আমানত’, ‘বীর সৈনিক’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘ক্ষমা’, ‘প্রেম দিওয়ানা’ ও ‘দেশদ্রোহী’।

নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান। সেদিন এফডিসিতে ‘জনতার নায়ক’কে শেষবারের মতো দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।

Most Popular