Saturday, November 21, 2026
Homeবাংলাদেশরাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব, যোগ দিয়েছেন দেশি-বিদেশি বৌদ্ধ ভিক্ষু

রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব, যোগ দিয়েছেন দেশি-বিদেশি বৌদ্ধ ভিক্ষু

লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ৫০তম কঠিন চীবর দানোৎসব। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

আজ শুক্রবার দুপুরে রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে বুননের চীবর ভিক্ষু সংঘের নিকট দান করা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নিকট চীবর দান করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

ধর্মীয় উৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও মিয়ানমার থেকে বৌদ্ধ ভিক্ষু এবং ভারতের মহারাষ্ট্র থেকে বৌদ্ধ পুণ্যার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

আজ সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্য অর্থ দান, হাজার প্রদীপ দানসহ নানা দানীয় কার্যসম্পাদন করা হয়েছে।

রাঙ্গামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সারারাতব্যাপী কঠিন চীবর বুনন করে শুক্রবার ভিক্ষু সংঘকে সেই চীবর দান দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বিকেলে চাকমা রাজ পরিবারের সদস্য ও কুমার সুমিত রায়ের সহধর্মিণী জয়তী রায় চরকার সুতা কেটে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসব।

ভগবান বুদ্ধের সময়ে বুদ্ধের প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে চীবর বুনন করে তৈরি চীবরটি বুদ্ধকে দান করেন। সেই রীতি অনুসরণ করে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ পূন্যার্থীরা এই কঠিন চীবর দানোৎসব পালন করে আসছে। চীবর বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র।

Most Popular