ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদির মূল মঞ্চ।
আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর নতুন পর্ব প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তার তিনটি বাছাই করা গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি।
চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন।
থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ। ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
