Saturday, November 21, 2026
Homeখেলাচোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

কোনো ফুটবলার চোটে পড়লে খেলা থেমে থাকে না। মাঠের লড়াই চলে আপন গতিতে, সতীর্থরা মেতে ওঠেন জয়ের উৎসবে, আবির্ভাব ঘটে নতুন তারকাদের আর মৌসুম এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে। কিন্তু মাঠের বাইরে বসে এসব দেখা ফুটবলারটির কাছে মনে হয়, তাকে ছাড়াই পৃথিবীটা অনেক দূর এগিয়ে গেছে।

এমনই এক অনিশ্চয়তার মুখে পড়েছেন হ্যারি কেইন। শুক্রবার কোলনের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এই স্ট্রাইকারকে। শারীরিক চোটের ধরনটা স্পষ্ট হলেও, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার মানসিক যন্ত্রণা ঠিক কতটা গভীর, তা কেবল ভুক্তভোগীরাই পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন।

টটেনহ্যাম হটস্পারের দেইয়ান কুলুসেভস্কির কাছে এই অনুভূতিটা ভীষণ চেনা। ১৮ মাসের দীর্ঘ নির্বাসন তার জীবন থেকে কেবল ফুটবল নয়, আরও অনেক কিছুই কেড়ে নেওয়ার উপক্রম করেছিল।

২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার দুই সপ্তাহ আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পান সুইডিশ এই উইঙ্গার। শুরুতে ধারণা করা হয়েছিল, কয়েক মাস পরই ফিরতে পারবেন তিনি। কিন্তু একের পর এক অস্ত্রোপচার ও জটিলতায় পুরো একটি মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় তাকে। সুইডেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়।

তবে সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো ছিল চিকিৎসা কক্ষের বাইরের।

২০২৫ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল খেলতে টটেনহ্যাম দল যখন বিলবাওয়ে যায়, কুলুসেভস্কিও ক্রাচে ভর দিয়ে সতীর্থদের সঙ্গী হয়েছিলেন। দলের শিরোপা উৎসব দেখলেও পিচ্ছিল মেঝের কারণে মঞ্চে উঠে নিজের পদকটি পর্যন্ত নিতে পারেননি তিনি। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের বাইরে ছাদখোলা বাসে দলের উদ্‌যাপন দেখাটাও ছিল তার জন্য ভীষণ বেদনার।

একপর্যায়ে আদৌ আর খেলতে পারবেন কি না, সেই সংশয়ও জেগেছিল তার মনে। সুইডেন কোচ গ্রাহাম পটার যখন তাকে জানান যে বিশ্বকাপে খেলা হচ্ছে না, কুলুসেভস্কি টানা তিন ঘণ্টা দেয়ালের দিকে তাকিয়ে ছিলেন। মাঠে ফেরার যে বিশ্বাস তিনি লালন করেছিলেন, তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

এই অভিজ্ঞতা কেবল কুলুসেভস্কির একার নয়। ক্রুসিয়েট লিগামেন্টের চোটে ৬০২ দিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি ফেরা এভারটন অধিনায়ক মেগান ফিনিগান জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া কীভাবে তার ব্যক্তিত্বকেই বদলে দিয়েছিল।

সবসময় হাসিখুশি ও মিশুক হিসেবে পরিচিত এই ডিফেন্ডার স্বীকার করেন, দীর্ঘ এই লড়াইয়ে তিনি তার স্বভাবসুলভ উচ্ছ্বাস হারিয়ে ফেলেছিলেন। বিবিসি স্পোর্টকে তিনি বলেন,

ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। অন্যরা তাকে নিয়ে কী ভাবছে তা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, মনে হতো কেউ তার আশপাশে থাকতে চায় না। হতাশা লুকানো কঠিন হয়ে পড়েছিল এবং মাঠের বাইরে থাকার দিনগুলোতে ক্লাবের অনেকেই তাকে বারবার কাঁদতে দেখেছেন। চিকিৎসা প্রতিবেদনে যা মাপা যায় না, সেই মানসিক চাপের কথাই ফুটে উঠেছে তার অভিজ্ঞতায়।

বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার আলফনসো ডেভিসও জানেন এই সংগ্রামের কথা। ২০২৫ সালের মার্চে কানাডার হয়ে খেলার সময় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় ২৬১ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। বায়ার্নের ক্লাব সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জানান, অস্ত্রোপচারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

ডেভিস বলেন, ‘শারীরিক সেরে ওঠার চেয়ে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠাটা ছিল অনেক বেশি কঠিন।’ কবে ফিরতে পারবেন, আগের সেই গতি ফিরে পাবেন কি না—এমন অনিশ্চয়তা আর প্রতিদিন একই ধরনের পুনর্বাসন ব্যায়ামের একঘেয়েমি তাকে কুরে কুরে খাচ্ছিল। একসময় তার মন যেন সব কিছু থামিয়ে দিতে চাইছিল।

মাদারওয়েল ফরোয়ার্ড স্যাম নিকোলসনের জন্য একাকীত্বটা সবচেয়ে তীব্র হয়ে উঠেছিল প্রাক-মৌসুম প্রস্তুতির সময়। সতীর্থরা যখন সফরে ব্যস্ত, হাঁটুর ব্যথা নিয়ে তিনি তখন পড়ে ছিলেন অনুশীলন মাঠে।

৩৫০ দিন পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে ফেরেন নিকোলসন। তবে ফেরার পথটা ছিল ভীষণ বন্ধুর; একটু উন্নতির পরই আবার পিছিয়ে পড়ার হতাশা। দলের গ্রুপ চ্যাটে সতীর্থদের আনন্দঘন মুহূর্তের ছবি দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। ক্লাবের ওয়েবসাইটকে তিনি বলেন, ‘দৃশ্যগুলো দেখা ছিল ভীষণ নির্মম।’ শারীরিক অবস্থার সঙ্গে তার মনমেজাজও ওঠানামা করত। এর ওপর চুক্তির মেয়াদ শেষ হয়ে আসার দুশ্চিন্তা এবং ফিরলেও দলে জায়গা পাবেন কি না, সেই ভয় তো ছিলই।

চোট অনেক সময় খেলোয়াড়দের জীবনের মূল উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ২০২৪ ও ২০২৫ সালের বেশিরভাগ সময় এসিএল চোট কাটিয়ে ওঠার লড়াই করা এভারটনের ইতালিয়ান মিডফিল্ডার অরোরা গালি যেমনটা বলছিলেন দ্য গার্ডিয়ানকে, ‘সকালে ঘুম থেকে ওঠার কারণই ছিল ফুটবল।’

কেউ যখন দেখত না, তখন নিভৃতে কাঁদতেন তিনি। হতাশা ঝেড়ে ফেলার কোনো উপায় খুঁজে পেতেন না, কারণ ফুটবলটাই যে তখন তার জীবনে ছিল না। মাঠে ফেরার পরও সেই মানসিক আতঙ্ক পিছু ছাড়েনি; অনুশীলনে নামলেও আবার চোটে পড়ার ভয় তাড়া করে বেড়াত তাকে।

দুবার এসিএল চোট এবং তিনটি বড় অস্ত্রোপচারের ধকল সামলানো হান্না কেইন পুনর্বাসনের দিনগুলোতে একাধিকবার অবসরের কথা ভেবেছিলেন। এভারটন ও ওয়েলসের এই ফরোয়ার্ড উইমেন্স সুপার লিগের ওয়েবসাইটকে বলেন, ‘ওই মুহূর্তগুলোতে বেশ কয়েকবার মনে হয়েছে, অবসর নিয়ে নিই।’

অনেকের ক্ষেত্রে অনিশ্চয়তা কেবল মাঠে ফেরা নিয়ে থাকে না, বরং আগের ছন্দে ফিরতে পারবেন কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস যেমন অ্যাস্টন ভিলায় চোটজর্জর শেষ দিনগুলোতে নিজেকে ‘ভূতের’ মতো মনে করতেন। বিবিসি স্পোর্টকে তিনি বলেছিলেন, ‘ভিলায় চোটে থাকাকালীন এমন অনেক সময় গেছে, যখন নিজেকে স্রেফ একটা ভূত বলে মনে হতো।’

চোটগ্রস্ত ফুটবলারদের এই মানসিক ভার বইতে হয় তাদের পরিবারকেও। কুলুসেভস্কির স্ত্রী এলদিনা জানিয়েছেন, ইউরোপা লিগ ফাইনাল, বিশ্বকাপ আর পুরো একটি প্রিমিয়ার লিগ মৌসুম স্বামীকে মিস করতে দেখাটা কতটা কষ্টের ছিল। তবে সেই অন্ধকার দিনগুলোতে দুই বছর বয়সী মেয়ে লিওনিই ছিল কুলুসেভস্কির সবচেয়ে বড় স্বস্তি।

দীর্ঘ ৫২৬ দিন পর গত ১৯ অক্টোবর কভেন্ট্রি সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন কুলুসেভস্কি। ম্যাচ শেষে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী এলদিনা ও মেয়ে লিওনি। লিওনির পরনে থাকা টটেনহ্যামের জার্সিতে লেখা ছিল ‘৫২৬’ নম্বরটি এবং তার নিচে—‘মাই হিরো’।

এরপর সুইডেন জাতীয় দলেও ফিরেছেন কুলুসেভস্কি, ক্লাব ফুটবলেও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন। বদলে গেছে তার জীবনবোধও।

কুলুসেভস্কি বলেন, ‘এখন প্রতিটি দিনই আমার কাছে সুন্দর মনে হয়। কোনো কিছুকেই আর হালকাভাবে নিই না।’

যারা পুরো ক্যারিয়ারজুড়ে কেবল পরের ম্যাচ, পরের গোল কিংবা পরের শিরোপার পেছনে ছোটেন, তাদের কাছে এই উপলব্ধিটা হয়তো কিছুটা অচেনা। কিন্তু মাসের পর মাস মাঠের বাইরে দর্শক হয়ে থাকা ফুটবলারদের কাছে প্রিয় আঙিনায় ফিরতে পারাটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় জয়।

 

Most Popular