Saturday, October 3, 2026
Homeবাংলাদেশমানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে দুই তীরে হাজারো মানুষের ঢল নামে।

আজ শনিবার বিকেলে জেলা শহরের বেউথা ঘাট এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা বিএনপি। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেছেন দর্শনার্থীরা।

এবারের বাইচে অন্যতম আকর্ষণ ছিল কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। শালকাঠের তৈরি নৌকাটি প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে।

নৌকাটির পরিচালক মজিবুর রহমান জানান, ছয় লাখ টাকা ব্যয়ে গত এক বছর ধরে নৌকাটি তৈরি করা হয়েছে। গত বুধবার রৌমারী থেকে রওনা দিয়ে তিন দিনে নদীপথে তারা মানিকগঞ্জে পৌঁছান।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ২২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ছিল খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসি নৌকা। এর পাশাপাশি ৭০ থেকে ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও বাইচে অংশ নেয়।

প্রতিযোগিতায় খেল্লা নৌকায় প্রথম হয়ে মোটরসাইকেল জিতেছে ‘মায়ের দোয়া’। এ শাখায় দ্বিতীয় হয়েছে টাঙ্গাইলের ‘মা-বাবার দোয়া’। ঘাসি নৌকায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইরের ‘বাইমাইল এক্সপ্রেস’ ও ‘কালাম সিকদার এক্সপ্রেস’। এ ছাড়া ছান্দি নৌকায় হরিরামপুরের ‘গায়ান বাড়ি’ এবং পানসি নৌকায় মানিকগঞ্জ সদরের ‘জাগীর জনতা এক্সপ্রেস’ প্রথম স্থান অধিকার করে। বিজয়ী ও অংশগ্রহণকারী অন্যান্য নৌকাগুলো রেফ্রিজারেটর, টেলিভিশনসহ নানা পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, নৌকাবাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক আ তা ম জহীর আলম খান লোদী, সদস্যসচিব মাসুদ পারভেজসহ অন্যরা।

Most Popular