Saturday, October 3, 2026
Homeবাংলাদেশবঙ্গোপসাগর থেকে উদ্ধার ৬৩, মানব পাচার মামলায় কারাগারে ১৩

বঙ্গোপসাগর থেকে উদ্ধার ৬৩, মানব পাচার মামলায় কারাগারে ১৩

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে উদ্ধার ৬৩ জনকে পাচারের অভিযোগে করা মামলায় ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজারের আদালত।

আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’

গত ৩০ সেপ্টেম্বর সেন্ট মার্টিন লাইটহাউস থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে একটি বিকল কাঠের ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করে নৌবাহিনী। তাদের মধ্যে পাচারের শিকার ও পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্যরা ছিলেন।

উদ্ধার হওয়াদের মধ্যে প্রথমে ১১ জনকে পাচারকারী হিসেবে সন্দেহ করে নৌবাহিনী। পরে তদন্তের ভিত্তিতে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর অধীনে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার নথি অনুযায়ী, উদ্ধার ৬৩ জনের মধ্যে চার নারীসহ ১৪ জন রোহিঙ্গা। বাকিরা বাংলাদেশের নাগরিক। গতকাল শুক্রবার রাতে তাদের সবাইকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সাগরে নেওয়ার আগে ওই ৬৩ জনকে টেকনাফের বাহারছড়ার একটি দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছিল। মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে পাচারকারীরা প্রত্যেকের কাছ থেকে আড়াই লাখ টাকা করে আদায় করে বলে অভিযোগ রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ওই ৭৬ জনকে নিয়ে ‘আল্লাহর দান’ নামের কাঠের ট্রলারটি বঙ্গোপসাগরে যান্ত্রিক সমস্যায় পড়ে। ইঞ্জিন ও পানিনিষ্কাশন পাম্পে ত্রুটি দেখা দেওয়ায় ট্রলারে পানি ঢুকতে শুরু করে।

এসময় ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখে সাহায্য করতে এগিয়ে যায়। তবে আরোহীদের কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বাংলাদেশ নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১ এর কর্মীরা।

খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ ঘটনাস্থলে পৌঁছায়। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রলারে থাকা ৭৬ জনকেই নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।

Most Popular