Saturday, October 3, 2026
Homeবাংলাদেশএনসিটি ইজারা স্থগিতের দাবি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের

এনসিটি ইজারা স্থগিতের দাবি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের অকশন শেডের কাছে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানানো হয়।

একইসঙ্গে বন্দরের অপর দুই টার্মিনাল চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা বাতিলেরও দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।

দাবি আদায়ে ৭ অক্টোবর বন্দর এলাকায় মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

সমাবেশেপরিষদের যুগ্ম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, ২০১৭ সাল থেকেই এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারও এই প্রক্রিয়া অব্যাহত রাখে।

শ্রমিক দলের বন্দর শাখার সাধারণ সম্পাদক খোকন বলেন, বর্তমান সরকারও এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় আমরা হতাশ। আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে এনসিটি পরিচালনার খসড়া কনসেশন চুক্তি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি অনুমোদন করেছে।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার বন্দরের অপর দুই টার্মিনাল সিসিটি ও জিসিবিও অন্য বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়ায় বিষয়টি উদ্বেগজনক।

পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, এ ধরনের উদ্যোগের অর্থ হলো বন্দরের সব টার্মিনালই বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হবে।

সরকারকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনটির নেতারা মন্ত্রিসভা কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের অনুমোদিত খসড়া চুক্তিটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বন্দরের স্বার্থে এ ধরনের যেকোনো উদ্যোগ প্রতিহত করার অঙ্গীকার করেন তারা।

সমাবেশে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাসলিম হোসেন সেলিমসহ অন্যরা বক্তব্য দেন।

Most Popular