Saturday, November 21, 2026
Homeখেলাফিফা র‍্যাঙ্কিং: আগের অবস্থানে আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি, মরক্কোর ইতিহাস

ফিফা র‍্যাঙ্কিং: আগের অবস্থানে আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি, মরক্কোর ইতিহাস

নভেম্বরের উইন্ডো শেষে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে চলতি বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগের মতোই দ্বিতীয় স্থানে রয়েছে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এক ধাপ পিছিয়ে নেমে গেছে সপ্তম স্থানে।

এবারের ফিফা উইন্ডোতে দুটি দলই দুটি করে প্রীতি ম্যাচ খেলেছে। লিওনেল মেসির অবসরের পর উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার ক্ষত ভুলে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, জাপানের বিপক্ষে ৩-২ গোলে পরাস্ত হওয়ার ধাক্কা সামলে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।

২০২৬ সালে আর্জেন্টিনা সব মিলিয়ে খেলেছে ১৭ ম্যাচ। ১৫ জয়ের সঙ্গে দুটিতে হেরেছে তারা। প্রতিপক্ষের জালে ৫৩ গোল করার বিপরীতে দলটি হজম করেছে মাত্র ১১টি। সাবেক অধিনায়ক মেসির নৈপুণ্যে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল আলবিসেলেস্তেরা। যদিও অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিপরীতে, ব্রাজিল এই বছরে মাঠে নেমেছে মোট ১৪ ম্যাচে। নয়টি জয়ের সঙ্গে দুটি ড্র করেছে তারা। হেরেছে বাকি তিনটিতে। প্রতিপক্ষের জালে সেলেসাওরা বল পাঠিয়েছে ৪০ বার, তাদের জালে বল ঢুকেছে ১৬ বার। বিশ্বকাপে কার্লো আনচেলত্তির শিষ্যদের পুড়তে হয়েছিল হতাশায়। নরওয়ের বিপক্ষ ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের।

যথারীতি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেরা চারে কোনো পরিবর্তন আসেনি। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে ইংল্যান্ড অবস্থান করছে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসে ইতিহাস গড়েছে মরক্কো। ১৯৯৯৩ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটিই তাদের সেরা অবস্থান।

ব্রাজিলের মতো এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোর অবসরের পর উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচ খেলেছে তারা। ডেনমার্কের কাছে ৪-১ গোলের বড় হারের হোঁচট পেরিয়ে তারা ওয়েলসের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে।

আগের মতোই অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে সেরা দশে ঠাঁই করে নিয়েছে কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে জার্মানি। ইতালির উন্নতি হয়েছে এক ধাপ। তারা রয়েছে ১৪তম স্থানে। ২০ নম্বর জায়গা ধরে রেখেছে উরুগুয়ে।

বাংলাদেশ দলের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে ব্যর্থ হয়েছে তারা। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে অভিযান শেষ করতে হয় তাদের। টমাস ডুলির শিষ্যরা আগের মতোই ১৮২ নম্বরে।

Most Popular