দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড এখন ওয়েস্টার্ন কেপের পার্লে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ব্যস্ততার মাঝেও টিভিতে চোখ রেখেছিলেন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম টেস্টে। বৃহস্পতিবার স্বাগতিকদের ৯ উইকেটের জয়ে শেষ হওয়া এই ম্যাচে টাইগারদের ব্যাটিং উন্নতি ডোনাল্ডকে আশাবাদী করেছে। তবে ওয়ান্ডারার্সে মাত্র তিনজন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত এবং ফাস্ট বোলারদের ওপর বাড়তি কাজের চাপ নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেড় বছর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড শুক্রবার ফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন।
জোহানেসবার্গে বাংলাদেশের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?
অ্যালান ডোনাল্ড: আমার দেখা বাংলাদেশ দলের সবচেয়ে ইতিবাচক দিক ছিল টস জিতে আগে ব্যাটিং নেওয়া। সাধারণত আমার অভিজ্ঞতায় দেখেছি—যেমন ২০২২ সালে আমি যখন কোচ হিসেবে ডারবানে ছিলাম, আমরা টস জিতেছিলাম এবং উইকেট পরিষ্কারভাবেই আগে ব্যাটিংয়ের উপযোগী ছিল, কিন্তু আমরা বোলিং নিয়েছিলাম। জোহানেসবার্গে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং (৪০০ রান) করেছে। প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটা খুব দ্রুত হাতছাড়া হয়ে যেতে পারত। বিশেষ করে তাওহিদ হৃদয় ও লিটন দাসের ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যাটিং ছিল দারুণ। আরও কয়েকজন ভালো অবদান রেখেছে। সব মিলিয়ে ব্যাটিংটা ছিল বেশ সংহত।
বোলিংয়েও দল ভালো করেছে। হাসান মাহমুদ এই মুহূর্তে নিয়মিত উইকেট পাচ্ছে। তবে আমার মনে হয়, এই মুহূর্তে বাংলাদেশ নাহিদ রানাকে ভীষণ মিস করছে। ও এমন একজন ‘শক বোলার’, যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। ও কবে নাগাদ সুস্থ হয়ে ফিরবে তা আমি জানি না, তবে এই মুহূর্তে ওকে দল খুব মিস করছে।
সিরিজের বাকি অংশ থেকে হাসান ছিটকে গেছেন। সাম্প্রতিক সময়ে হাসান ও নাহিদ রানা—দুজনই সব সংস্করণ মিলিয়ে প্রচুর বোলিং করেছেন। আপনার কি মনে হয় টিম ম্যানেজমেন্ট এই বোলারদের অতিরিক্ত ব্যবহার করেছে?
ডোনাল্ড: হাসানের কাউন্টি ক্রিকেটে খেলা এবং এর আগে ও পরের আন্তর্জাতিক ব্যস্ততার দিকে একটু ফিরে তাকানো যাক। এরপর ও আবার কাউন্টি মৌসুম শেষ করতে ইংল্যান্ডে ফিরে গেল। কেন্টের হয়ে ও প্রচুর ওভার বোলিং করেছে এবং অবিশ্বাস্য রকম ভালো করেছে। তাই ওর চোটে পড়ায় আমি অবাক হইনি। দুর্ভাগ্যবশত টেনিস এলবোর ব্যথা ভীষণ যন্ত্রণাদায়ক। ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ একটি সফর শেষ করে এসেছে, যেখানে আরেকটি পাঁচ উইকেট পেয়েছে। হাসান মাহমুদ এখন আগুনে ফর্মে আছে। আমার মতে, ও খুব স্পেশাল ও দক্ষ একজন বোলার। হয়তো এক্সপ্রেস গতির নয়, তবে ওর বলে যথেষ্ট জোর আছে এবং ও দলের মূল ভরসা হয়ে উঠেছিল।
আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আমার অন্যতম বড় লক্ষ্য ছিল বোলিং আক্রমণের গভীরতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য ব্যাকআপ বোলারদের তৈরি রাখা। হাসানের ছিটকে যাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। এখন ওর জায়গায় কে আসবে? দলে তাসকিন (আহমেদ) আছে, ইবাদত (হোসেন) আছে। তবে ইবাদতকে দেখে একটু অস্বস্তিতে আছে বলে মনে হলো। আমি যদি এখন বাংলাদেশের ড্রেসিংরুমে থাকতাম, তবে সামনের দিনগুলোর কথা ভেবে বিষয়টা আমাকে বেশ চিন্তায় ফেলত। নাহিদ রানার চোটও বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। এখন ওর সঙ্গে হাসানও চোটে লড়ছে। টানা এত ক্রিকেট খেললে একটা সময় শরীরের কোথাও না কোথাও ভাঙন ধরবেই। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ এখন তাদের সেরা উইকেটশিকারি হাসান মাহমুদকে হারাল। তাই এটা অবশ্যই উদ্বেগের বিষয়।
বাংলাদেশ মাত্র তিনজন পেসার নিয়ে মাঠে নামায় আপনি কি অবাক হয়েছেন?
ডোনাল্ড: দুঃখিত, কিন্তু তিন পেসার নিয়ে খেলা যায় না। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আপনি তিনজন সিমার নিয়ে খেলতে পারেন না। এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। এতে ওই তিনজনের ওপর প্রচণ্ড চাপ পড়ে যায়। আপনারা দেখেছেন দক্ষিণ আফ্রিকা মিরাজের বিপক্ষে কতটা স্বচ্ছন্দে ব্যাটিং করেছে। এমনটা হওয়ারই ছিল। ওরা মিরাজের ওপর চড়াও হবে যাতে পেসারদের আবার বোলিংয়ে ফিরিয়ে আনতে হয়—এটাই স্বাভাবিক। আর শেষ পর্যন্ত পর্যাপ্ত ব্যাকআপ না থাকায় একজন পেসার চোট পেয়ে ছিটকে গেল। আমার মতে, এটা মোটেও ভালো সিদ্ধান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকায় তিনজন পেসার আর একজন স্পিনার নিয়ে এসে আপনি ২০ উইকেট নেওয়ার আশা করতে পারেন না। এতে শুধু তিন পেসারের ওপরই পাহাড়সম চাপ পড়ে না, বরং কোনো দিন খারাপ গেলে তাদেরই বারবার বোলিংয়ে আনতে হয়। আমি এর সঙ্গে একমত নই। বসে বসে বাংলাদেশের তিন পেসারের বোলিং দেখে আমার মনে হয়েছে, এভাবে চলবে না, শতভাগ নিশ্চিতভাবেই এভাবে কাজ হবে না।
আপনার কি মনে হয় ব্যাকআপ পেসারদের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার অভাব? সামনে এগিয়ে যেতে হলে বাংলাদেশের কি ব্যাকআপ পেসারদের ওপর আরও আস্থা রাখা উচিত?
ডোনাল্ড: আমার একাদশে চারজন পেসার থাকত—হাসান, শরিফুল, তাসকিন ও ইবাদত। বাঁহাতি পেসার শরিফুল অনেকটা মার্কো ইয়ানসেনের মতো, দুজনেই বেশ লম্বা। ওয়ান্ডারার্স এবং সেঞ্চুরিয়নের উইকেটে এমন লম্বা বোলারই দরকার। এসব উইকেটে বল বাউন্স করে, তাই কিছুটা ফুলার লেংথে বল করতে হয়। আমার মতে, শরিফুল বেশ ভালো ফুলার লেংথে বল করে। সামনের দিনগুলোতে এই ঝুঁকিটা নিতেই হবে।
বাংলাদেশ ব্যাট হাতে দেখিয়েছে যে নিজেদের কাজে মনোযোগী থাকলে তারা দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পারে। হৃদয় দারুণ খেলেছে, আর দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে লিটন দাসের সেরা ব্যাটিংটা আমি এই ম্যাচেই দেখলাম। ও আক্রমণাত্মক ছিল, শর্ট বল খেলতে ভয় পায়নি এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের সহজে বল করতে দেয়নি। ও সব সময় রান করার চেষ্টায় ছিল, ইতিবাচক ছিল। আশা করি ওর নিজের ভালোর জন্যই এই ফর্ম ধরে রাখবে। তবে দক্ষিণ আফ্রিকা তাদের টেলএন্ডারদের নিয়ে আসল মান দেখিয়ে দিয়েছে। কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটনের ১১৭ রানের বিশাল জুটিটাই বাংলাদেশের পেস আক্রমণের কোমর ভেঙে দিয়েছে।
মাত্র তিনজন পেসার খেলানো দেখে আমি হতবাক হয়ে গেছি। দেখা যাক সেঞ্চুরিয়নে কী হয়, কারণ সেখানকার কন্ডিশনও প্রায় একই রকম থাকবে। আরেকটি কথা বলতেই হয়, ওয়ান্ডারার্সে দ্বিতীয় ইনিংসে বল এতটা ঘুরতে আমি আগে কখনো দেখিনি। সাইমন হারমার যখন বোলিংয়ে আসে, তখন খেলাটাই পুরোপুরি বদলে যায়। সব মিলিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা ও মানই পার্থক্য গড়ে দিয়েছে। তবে আমার চোখে বাংলাদেশ ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বড় উন্নতি করেছে এবং এটি এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ডোনাল্ড: এই দুটি ভেন্যু বোলারদের জন্য আসলে বেশ কঠিন। কারণ লাইন-লেংথ একটু এলোমেলো হলেই ব্যাটাররা খুব দ্রুত রান তুলে ফেলে। এ কারণেই রাবাদা বা ইয়ানসেন খুব একটা আলগা বল করে না। তবে দুটি মাঠেই রান করা সম্ভব, আমরা তা দেখেছি। প্রথম দিনেই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা লড়াই করতেই এসেছে। এখান থেকে নেওয়ার মতো অনেক ইতিবাচক দিক আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হলে আপনাকে আক্রমণাত্মক হতেই হবে। যেকোনো দলই বলবে, দক্ষিণ আফ্রিকায় এলে মানসিকতাটা আক্রমণাত্মক রাখতে হয় এবং পাল্টা আক্রমণ করতে হয়। দক্ষিণ আফ্রিকাও যখন ভারত বা বাংলাদেশে যায়, তখন ঠিক এই আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামে।
বাংলাদেশকে শুধু এটুকুই মাথায় রাখতে হবে যে তারা এখন বেশ ভালো ক্রিকেট খেলছে। ওরা মাঠে তা প্রমাণও করেছে। বিশ্বের কোনো দেশের জন্যই এখানে এসে জেতা সহজ নয়, আর ঘরের মাঠের এই দাপটকে দক্ষিণ আফ্রিকা ভীষণ গুরুত্ব দেয়।
