Thursday, June 18, 2026
Homeবিদেশপ্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

যুদ্ধ বন্ধে সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি রক্ষায় যদি ইরান ব্যর্থ হয়, তবে দেশটিতে ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে তিনি ইরানি কর্মকর্তাদের হত্যারও হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে।

গতকাল ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, তারা যদি চুক্তি লঙ্ঘন করে তবে আমরা তাদের ওপর ভয়াবহভাবে বোমাবর্ষণ করব। আমি এমনটা করতে চাই না। আমি চাই তারা চুক্তিটি মেনে চলুক।

যুক্তরাষ্ট্র  ও ইরানের আলোচকরা আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কাজ করছেন। ট্রাম্প ইরানিদের ‘বুদ্ধিমান’ বলেও আখ্যা দেন দেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে এবং তেলের দাম কমিয়ে দেবে।

জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প সমঝোতা স্মারকে সই করেন বলে একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন।

স্মারক অনুযায়ী, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনতে সম্মত হয়েছে। বিনিময়ে তারা বড় আকারের অর্থনৈতিক ছাড় পাবে। এতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

ইলেকট্রনিক পদ্ধতিতে স্মারকটি সই হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এটি এরইমধ্যেই কার্যকর হয়েছে।  

এর আগে এই স্মারকে ইরানের প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সই করার কথা ছিল। ইরান পরে জানায়, সরাসরি উপস্থিতিতে স্মারক সইয়ের আনুষ্ঠানিকতার আর প্রয়োজন নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে।’

Most Popular