Thursday, June 18, 2026
Homeখেলারুনি ভেবেছিলেন, গোল করে জবাব দেবেন রোনালদো

রুনি ভেবেছিলেন, গোল করে জবাব দেবেন রোনালদো

বিশ্বকাপের মঞ্চে একদিন আগেই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড। মেসি করেছেন হ্যাটট্রিক, এমবাপে ও হালান্ড পেয়েছেন জোড়া গোল। পরদিন ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরেও ছিল বাড়তি প্রত্যাশা। ম্যাচের আগে সাবেক সতীর্থ ওয়েন রুনি পর্যন্ত বলেছিলেন, অন্য তারকাদের এমন পারফরম্যান্স দেখে রোনালদো নিশ্চয়ই আরও বেশি অনুপ্রাণিত হবেন। কিন্তু পর্তুগাল অধিনায়কের জন্য রাতটা শেষ পর্যন্ত হয়ে উঠল হতাশার।

ম্যাচের আগে বিবিসিতে কথা বলতে গিয়ে সাবেক সতীর্থ ওয়েন রুনি বলেছিলেন, ‘মেসি ও রোনালদো বছরের পর বছর একে অপরকে নিজেদের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করেছে। সে সবসময় সেরা হতে চায়। তাই আজ রাতে সে মাঠে নেমে দুই বা তিনটি গোল করে দেখাতে চাইবে যে এখনও সে সেই পর্যায়েই আছে।’ কিন্তু রুনির সেই প্রত্যাশা পূরণ হয়নি। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো।

রুনি রসিকতার সুরে বলেছিলেন, আগের দিন মেসি, এমবাপে ও হালান্ডের দাপুটে পারফরম্যান্স দেখে রোনালদো নিশ্চয়ই ভেতরে ভেতরে তাতিয়ে উঠেছেন। তার ভাষায়, ‘চ্যালেঞ্জই তাকে এতদূর নিয়ে এসেছে। তার মানসিকতা এমন যে সবকিছুকেই সে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নেয়।’ রুনির বিশ্বাস ছিল, রোনালদো মাঠে নেমে দুই-তিনটি গোল করে সবাইকে দেখাতে চাইবেন যে এখনও তিনি সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়।

কিন্তু হিউস্টনে সেই গল্প লেখা হয়নি। বুধবার রাতে রোনালদোর দলকে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। মনে হচ্ছিল সহজ জয়ই অপেক্ষা করছে তাদের জন্য। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইয়োয়ান উইসার গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। এরপর বলের দখলে আধিপত্য বজায় রাখলেও পর্তুগাল আক্রমণে ছিল বিস্ময়করভাবে নিষ্প্রভ। পুরো ম্যাচে মাত্র সাতটি শট নিতে পারে তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল শুধু গোলটি।

রোনালদোর কাছেও সুযোগ এসেছিল। দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের তৈরি করা দুটি সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমটিতে তার শট পোস্টের বাইরে চলে যায়, দ্বিতীয়টিতে ডিআর কঙ্গোর রক্ষণভাগের চাপে লক্ষ্যভ্রষ্ট হন। ম্যাচ যত এগিয়েছে, ততই গোলের জন্য তার অস্থিরতা চোখে পড়েছে। এক পর্যায়ে ব্রুনো ফার্নান্দেসের জন্য তৈরি হওয়া সম্ভাবনাময় সুযোগের পথেও চলে যান তিনি, যা নিয়ে পরে সমালোচনা করেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।

অঁরির মতে, ওই মুহূর্তে দলের গোল প্রয়োজন ছিল, ব্যক্তিগত গোল নয়। তার দাবি, রোনালদো যদি সঠিক জায়গায় অবস্থান নিতেন, তাহলে ব্রুনো সহজেই গোল করার সুযোগ পেতেন। তিনি মনে করেন, গোলের প্রবল ইচ্ছাই রোনালদোকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এই ম্যাচে আরেকটি ইতিহাস গড়েছেন রোনালদো। ৪১ বছর ১৩২ দিন বয়সে তিনি বিশ্বকাপের ম্যাচে শুরুর একাদশে নামা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন। তবে সেই রেকর্ডের রাতে পারফরম্যান্স ছিল ম্লান। পুরো ম্যাচে তার বল স্পর্শের সংখ্যা ছিল মাত্র ২৫, যা ৯০ মিনিট খেলা পর্তুগালের সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বনিম্ন।

এছাড়া ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার হতাশাজনক ধারাও অব্যাহত রইল রোনালদোর।

তবু ম্যাচ শেষে তার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেননি রুনি, ‘রোনালদোর পরিসংখ্যান কখনও সবচেয়ে আকর্ষণীয় হবে না। তার দরকার সুযোগ। ভালো সুযোগ পেলে সে এখনও গোল করতে পারে।’

 

Most Popular