Thursday, June 18, 2026
Homeবিনোদনঅভিনয়ে আসছেন ধানুশের ছেলে!

অভিনয়ে আসছেন ধানুশের ছেলে!

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা ধানুশ। অভিনয়, পরিচালনা এবং প্রযোজনা সব ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার তাকে ঘিরে নতুন এক গুঞ্জন জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নিজের ছেলে যাত্রাকে চলচ্চিত্রের নায়ক হিসেবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মাতা রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় নির্মিতব্য একটি নতুন সিনেমাতে প্রধান চরিত্রে দেখা যেতে পারে যাত্রাকে। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্ব পেতে পারেন জনপ্রিয় সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার। আর পুরো প্রকল্পটির প্রযোজক হিসেবে থাকতে পারেন ধানুশ নিজেই।

খবরে আরও বলা হয়েছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যাত্রার লুক টেস্টও নাকি সম্পন্ন হয়েছে। এমনকি আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

যদিও এ বিষয়ে এখনো ধানুশ কিংবা সংশ্লিষ্ট নির্মাতা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

ছেলের অভিনয়ে আসা নিয়ে ধানুশ এর আগেও কথা বলেছেন। সম্প্রতি তার অভিনীত কারা সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে যাত্রার সম্ভাব্য অভিষেক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বেশ সংযত উত্তর দেন।

ধানুশ বলেন, আমি মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে এসেছিলাম, তবে সেটা পরিস্থিতির কারণে। যাত্রার বয়স এখন ১৯। কিন্তু আমি এখনও ওকে ছোট মনে করি। ও ভবিষ্যতে কী হতে চায়, সেটা এখনই বলা কঠিন।

অন্যদিকে কাজের দিক থেকেও দারুণ ব্যস্ত সময় পার করছেন ধানুশ। সর্বশেষ তিনি অভিনয় করেছেন কারা সিনেমাতে। ১৯৯১ সালের পটভূমিতে নির্মিত এই অ্যাকশন-থ্রিলারে তিনি করাসামি নামের এক সাবেক চোরের চরিত্রে অভিনয় করেছেন।

পারিবারিক জমি উদ্ধার ও বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য তাকে আবারও অপরাধের জগতে ফিরতে হয়।

সিনেমাতে ধানুশের সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু, কে এস রবিকুমার, সুরাজ ভেঞ্জারামুডু, করুণাস ও জয়ারাম। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র হলেও ইতিবাচক সাড়া পেয়েছে। বর্তমানে এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

এদিকে ধানুশের পরবর্তী বড় প্রকল্প আপাতত ডি৫৫ নামে পরিচিত। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি, জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও শ্রীলীলা। নির্মাতারা ১৮ জুন সিনেমাটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করার কথা জানিয়েছেন।

এর পাশাপাশি তামিঝারাসান পাচামুথুর নতুন একটি সিনেমাতেও কাজ করছেন ধানুশ।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালক শিবার সঙ্গেও নতুন একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে।

সব মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় পার করছেন ধানুশ। আর এর মধ্যেই যদি ছেলে যাত্রার অভিনয়ে অভিষেকের খবর সত্যি হয়, তাহলে তা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের আলোচিত ঘটনা হবে বলেই মনে করছেন ভক্তরা।

Most Popular