বাংলাদেশে আরও দুই ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, ন্যূনতম মজুরি যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির অধিকার চর্চার কারণে তৈরি পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠকরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
আজ প্রকাশিত এক বিবৃতিতে বৈশ্বিক মানবাধিকার সংস্থাটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এ ছাড়া, সংস্থাটি জোর দিয়ে বলেছে, কোথাও সহিংসতা হলে শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অনুযায়ী, গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ১৭ নভেম্বর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে আটক করেন। সারাদেশে চলমান ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনের বিষয়ে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার কিছুক্ষণ পর তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আটকের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কারণ জানাননি।
তবে ফেডারেশনের এক প্রতিনিধি পরে অ্যামনেস্টিকে জানান, সাম্প্রতিক মজুরি আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়া এবং একটি কারখানায় ভাঙচুরের অভিযোগে ওই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
অ্যামনেস্টি উল্লেখ করেছে, নভেম্বরের শুরুর দিকে আরও কয়েকজন ট্রেড ইউনিয়ন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল; এএফডব্লিউএ-বাংলাদেশ উইমেনস লিডারশিপ কমিটির সদস্য এবং জিবিজিডব্লিউএফের শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি; গাজীপুর জেলা গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. আলী আজগর; বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের গাজীপুরের সেতু শাখার সভাপতি মো. মোরশেদ আলম কাওসার; এবং গাজীপুর গার্মেন্টস ওয়ার্কার্সের কেজেকে ফেসবুক গ্রুপের এডমিন মো. ফুয়াদুর রহমান নির্জন।
