ঘাসে ঢাকা উইকেটে পাকিস্তানের পেসারদের দাপটে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেল তাদের প্রথম ইনিংস। ফলে টেস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম দল হিসেবে একশর নিচে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়ল লঙ্কানরা।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। স্বাগতিকদের চার পেসারের তোপে ৩৫.৩ ওভারেই শেষ হয় সফরকারীদের ইনিংস। ১৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আব্বাস। রাজাউল্লাহ ২১ ও জামাল ২৪ রান খরচায় সমানসংখ্যক উইকেট পান। বাকি উইকেটটি শিকার করেন সাকিব খান।
রাওয়ালপিন্ডিতে হওয়া টেস্টে সর্বনিম্ন দলীয় সংগ্রহের আগের নজিরটি ছিল ইংল্যান্ডের দখলে। তারা অবশ্য তিন অঙ্কে পৌঁছাতে পেরেছিল। ২০২৪ সালের অক্টোবরে থ্রি লায়ন্সদের ১১২ রান অলআউট করেছিল পাকিস্তান।
লঙ্কানদের ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারাকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। অষ্টম ওভারে দিনেশ চান্দিমালকে আউট করেন আব্বাস। কামিন্দু মেন্ডিস ও লাহিরু উদারাকে পরপর দুই ওভারে ফিরিয়ে শ্রীলঙ্কার চাপ বাড়ান যথাক্রমে আব্বাস ও রাজাউল্লাহ। ১৮তম ওভারে রাজাউল্লাহর শিকার হন ধনঞ্জয়া ডি সিলভা। এতে মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
সেখান থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুসল মেন্ডিস ও সোনাল দিনুশা। ষষ্ঠ উইকেটে দুজনের ৪৯ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে জামালের বলে ক্যাচ দিয়ে অধিনায়ক কুসল ফিরলে ফের মড়ক লাগে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্রেফ ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় দলটি।
লঙ্কানদের হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন কুসল। ৪০ বলে ২১ রান আসে দিনুশার ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কে যেতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত খাত থেকে।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর দ্রুত কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে আজান আওয়াইস ও তৈয়ব আরিফ যোগ করেন ৮০ রান। ৮২ বলে ৪৬ রান করে কট বিহাইন্ড হন আরিফ। এরপর দুই অঙ্কে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন মোহাম্মাদ তাহা ও অধিনায়ক বাবর আজম।
আলোকস্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৭.২ ওভারে ৩ উইকেটে ১২১ রান। প্রথম ইনিংসে ইতোমধ্যে ২৩ রানের লিড পেয়েছে তারা। ফলে চালকের আসনে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দলটি।
