নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহে যাওয়া কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন দৌড়ে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন।
গত ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এক সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ‘ওই ঘটনায় পুলিশ ও এসআরবি অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে।’
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে থাকা এএসআই ও কনস্টেবলের ওপর হামলা চালায় এলাকার মাদক চোরাকারবারিরা। এ সময় এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।
পরদিন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা ও পুলিশের সরকারি কাজে বাধার অভিযোগে মামলা করেন।
