টানা দুটি পেনাল্টি মিস। সবশেষ চার প্রচেষ্টার তিনটিতেই ব্যর্থ। স্পট কিক নেওয়াই যেন ভুলে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এবার আর ভুল করেননি পর্তুগিজ তারকা। আল-সাদের বিপক্ষে নিজে পেনাল্টি আদায় করে সেটি থেকে গোলও করলেন। কাটালেন সাম্প্রতিক পেনাল্টি-জুজু, এগোলেন ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে।
মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। তার গোলের পর জোয়াও ফেলিক্সের দুর্দান্ত বাইসাইকেল কিকে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর।
গোলটি রোনালদোর জন্য শুধু দলকে এগিয়ে দেওয়ার উপলক্ষ ছিল না, ব্যক্তিগতভাবেও ছিল স্বস্তির। সাম্প্রতিক সময়ে পেনাল্টি নিতে গিয়ে অস্বস্তিকর সময় পার করছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আগের দুই পেনাল্টি থেকেই গোল করতে পারেননি। তার আগে-পরের হিসাব মিলিয়ে সর্বশেষ চার প্রচেষ্টার তিনটিতেই ব্যর্থ হয়েছিলেন।
অথচ দীর্ঘ ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করার অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রোনালদো। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুখেও স্পটকিক থেকে গোল করে অসংখ্যবার দলকে উদ্ধার করেছেন। সেই ফুটবলারের টানা ব্যর্থতা তাই আলোচনার জন্ম দিয়েছিল। আল-সাদের বিপক্ষে সফল পেনাল্টি নিয়ে আপাতত সেই আলোচনা থামালেন তিনি।
আর এই গোলেই ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেলেন রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এক হাজার গোলের স্বপ্ন পূরণে এখন তার প্রয়োজন মাত্র ১৩ গোল।
তবে রোনালদোর গোলের পর বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি আল-নাসর। আট মিনিটের মধ্যেই সমতায় ফেরে আল-সাদ। ম্যাচের ২১ মিনিটে কাতারের ক্লাবটির হয়ে গোল করেন মোহাম্মদ ওয়াদ।
সমতায় ফেরার পর দুই দলের মধ্যে লড়াই জমে উঠলেও প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আল-সাদ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোলদাতা ওয়াদকে। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় সফরকারীদের।
দ্বিতীয়ার্ধে সেই সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে খুব বেশি সময় নেয়নি আল-নাসর। ৫২ মিনিটে দুর্দান্ত এক গোলে আবারও দলকে এগিয়ে দেন ফেলিক্স। এবার গোলটি আসে একেবারে ভিন্নভাবে। অসাধারণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান পর্তুগিজ এই ফরোয়ার্ড। তার চোখধাঁধানো গোলেই শেষ পর্যন্ত নিশ্চিত হয় আল নাসরের ২-১ ব্যবধানের জয়।
