নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসবে না এনভিডিয়া।
পদত্যাগ করা সিইও জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে তার সমর্থকেরা ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামে প্রচারণা চালাচ্ছিলেন। তবে প্রতিষ্ঠানটি সেই দাবি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই এনভিডিয়ার বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনার উদ্যোগ জোরালো হওয়ায় নতুন সিইও খোঁজার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছিল।
মঙ্গলবার হুয়াং বলেন, পরিচালনা পর্ষদ যদি মনে করে এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত, তাহলে তিনি ফিরে আসতে ‘সম্মানিত বোধ করবেন’। তবে একই দিন বিনিয়োগকারীদের সঙ্গে এক কনফারেন্স কলের শুরুতেই এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস জানান, হুয়াং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তাকে ফিরিয়ে আনা হবে না। এর আগে শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক ফল এবং চলতি প্রান্তিকের বড় লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
এই কনফারেন্স কলের মধ্য দিয়ে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গত এক সপ্তাহে প্রকাশিত নানা চাঞ্চল্যকর তথ্য আবারও সামনে এল। এর মধ্যে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কও রয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সম্পর্ক কতটা গভীর তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তিনি বেইজিংয়ের কাছে কোনো তথ্য পাচার করেছেন কি না, সেটিও জানার চেষ্টা চলছে।
এ ঘটনার প্রভাব পড়েছে ওয়াশিংটনের রাজনীতিতেও। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের আইনপ্রণেতা এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা চীনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এর মধ্যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে আরও কড়াকড়ি আরোপের বিষয়টিও রয়েছে।
অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হুয়াং চীনে চিপ রপ্তানি বাড়ানোর পক্ষে ছিলেন। তার ব্যক্তিগত সম্পর্ক এবং ওয়াশিংটনের কর্মকাণ্ড নিয়ে তাকে প্রশ্ন করার পরিকল্পনা করছেন আইনপ্রণেতারা।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত করছে। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তের পুরো পরিধি এখনো স্পষ্ট নয়। তবে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইল পাঠানো হলেও এনভিডিয়া তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এসইসিও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সিইও পদে হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকেরা সরব হয়েছেন। পাশাপাশি ইলন মাস্ক, প্রযুক্তি খাতের অন্য নির্বাহী এবং ট্রাম্পও তাকে সমর্থন জানিয়েছেন।
গত সপ্তাহে বিবাহবহির্ভূত সম্পর্কের কেলেঙ্কারির মধ্যে পদত্যাগ করেন হুয়াং। এরপর মঙ্গলবারই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন তিনি। হুয়াং বলেন, ‘আমি পদত্যাগ করার পর এনভিডিয়ার কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে সিইও পদে আমাকে ফিরিয়ে আনার জন্য অনেক অনুরোধ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি পরিচালনা পর্ষদকে এমন সমস্যার মুখে ফেলেছি, যার জন্য গভীরভাবে অনুতপ্ত। পর্ষদের স্বাধীন তদন্তে সহযোগিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
হুয়াংয়ের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে পর্ষদ চেয়ারম্যান জোনস বলেন, ‘প্রতিষ্ঠানের আচরণবিধি, মানদণ্ড ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিগত আচরণের তথ্য প্রকাশের পর’ তিনি পদত্যাগ করেন। জোনস স্পষ্ট করে বলেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে তার পদত্যাগ গ্রহণ করেছে এবং জেনসেনকে সিইও পদে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই।’
জোনসের বক্তব্যের পাশাপাশি চতুর্থ প্রান্তিকে প্রায় ১৩ হাজার কোটি ডলারের রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছে এনভিডিয়া। টানা ১৭তম প্রান্তিকে ওয়ালস্ট্রিটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিক্রির খবরও দিয়েছে তারা। এরপর বাজার-পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।
তবে বিশ্লেষকেরা বলেছেন, প্রতিষ্ঠানের শক্তিশালী পূর্বাভাসের তুলনায় শেয়ারের দামের এই বৃদ্ধি ছিল বেশ সীমিত।
নিউ জার্সির নিউ ভার্ননে অবস্থিত চেরি লেন ইনভেস্টমেন্টসের অংশীদার রিক মেকলার রয়টার্সকে বলেন, ‘এখানে এত কিছু ঘটছে যে প্রতিষ্ঠানের জন্য বড় একটি দিন হওয়ার কথা থাকলেও পরিস্থিতি আরও খারাপ হয়নি, এটাই এখন স্বস্তির বিষয়। বিনিয়োগকারীদের আবার দ্রুত শেয়ার কেনার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ এআই খাতের বিনিয়োগের ভিত্তি নড়িয়ে দিয়েছে। কারণ, এআই অবকাঠামো গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী কোম্পানিতে বড় বিনিয়োগ রয়েছে এনভিডিয়ার। এই অস্থিরতার প্রভাব পড়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এবং ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলোর শেয়ারেও। এর মধ্যে রয়েছে কোরউইভ, যার একটি অংশের মালিক এনভিডিয়া।
এর আগে মঙ্গলবার রপ্তানি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা তদারকির জন্য পরিচালনা পর্ষদের একটি কমিটি গঠন করে এনভিডিয়া। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও গোল্ডম্যান স্যাকসের সাবেক ভাইস চেয়ারম্যান সুজান নোরা জনসন। হুয়াংয়ের পদত্যাগের পর এটিই এনভিডিয়ার প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ।
কেলেঙ্কারি প্রকাশের আগেই এনভিডিয়ার শেয়ারের দামে চাপ তৈরি হয়েছিল। এআই ডেটা সেন্টার নির্মাণের গতি কমে যাওয়ার আশঙ্কা এবং এ খাতে বিনিয়োগের জন্য নেওয়া ঋণের পরিমাণ বাড়তে থাকায় উদ্বিগ্ন ছিলেন বিনিয়োগকারীরা।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের প্রথম প্রতিবেদন প্রকাশের আগেই ৬ অক্টোবরের রেকর্ড দর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে গিয়েছিল।
রয়টার্স জানিয়েছে, নভেম্বরের শুরুতে শেয়ারের দরপতন আরও বাড়ে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং কোয়ালকমের দুর্বল পূর্বাভাসের কারণে চিপ কোম্পানিগুলোর শেয়ারের দাম দ্রুত কমে যায়। ৩ নভেম্বর পর্যন্ত এনভিডিয়াই ছিল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। কিন্তু অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলার বা ৩০ শতাংশ কমেছে। এর ফলে অ্যাপল ও মাইক্রোসফটের পেছনে পড়ে গেছে এনভিডিয়া।
অরবিস গ্লোবাল ইকুইটি স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা বেন প্রেস্টন রয়টার্সকে বলেন, ‘আমরা এখন আর এনভিডিয়ার শেয়ারধারী নই।’ তার তহবিল গত মার্চে এনভিডিয়ার শেয়ার কিনেছিল। তখন শেয়ারের দামকে তাদের কাছে যুক্তিসংগত মনে হয়েছিল। তবে এআই খাতের কোম্পানিগুলোর শেয়ারের মূল্যায়ন নিয়ে উদ্বেগ থাকায় কেলেঙ্কারি প্রকাশের আগেই তারা শেয়ার বিক্রি করে দেন।
প্রেস্টনের মতে, হুয়াং ফিরে এলেও এনভিডিয়ার সব সমস্যার সমাধান হবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে নিজেদের ব্যালেন্স শিট ও অন্যান্য চুক্তির মাধ্যমে বিক্রির অর্থায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ও এখন নিয়ন্ত্রক সংস্থার নজরদারির আওতায় রয়েছে।
অন্যদিকে শর্ট-সেলার প্রতিষ্ঠান মাডি ওয়াটারস জানিয়েছে, তারা এনভিডিয়ার শেয়ারের দরপতনের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে নিজেদের প্রতিবেদন প্রকাশের পর ওই অবস্থানের বেশির ভাগ বা পুরোটাই তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী ও নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার।
চীনে এনভিডিয়ার নিষিদ্ধ চিপ সরিয়ে নেওয়া এবং রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড।
মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তা তৈরিতে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াং। তিনি এনভিডিয়ার পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
রপ্তানি নিয়ন্ত্রণ তদারকির জন্য এনভিডিয়ার কমিটি গঠনের ঘোষণা এল ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের এক দিন পর। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এনভিডিয়াসহ কয়েকটি কোম্পানির তৈরি উন্নত এআই চিপ চীনের হাতে যাওয়ার সুযোগ আরও সীমিত করা হবে। এর মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য চীনের উদ্দেশে রওনা হয়েছেন ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে চিপ ক্রেতাদের সতর্ক করেছে এনভিডিয়া।
মঙ্গলবার সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার আশঙ্কা, এই আইন পাস হলে ক্লাউড সেবার মাধ্যমে চীনা কোম্পানিগুলোর এআই চিপ ব্যবহারের ওপর ওয়াশিংটনের নজরদারি বেড়ে যাবে। এতে এনভিডিয়া ও এর গ্রাহকেরা আইনি ঝুঁকিতে পড়তে পারেন।
