Friday, November 20, 2026
Homeখেলাবছরের শেষ ম্যাচে যেমন একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

বছরের শেষ ম্যাচে যেমন একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। নিজেদের মাটিতে আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর জয় দিয়ে বছর শেষ করতে চায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচটি সামনে রেখে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে খেলা কয়েকজনকে বিশ্রাম দিয়ে অন্যদের সুযোগ দিতে পারেন তিনি। তবে ওই ম্যাচে ভালো করা কিছু খেলোয়াড়কে আবারও শুরুর একাদশে রাখার সম্ভাবনাও রয়েছে।

মাঝমাঠে এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস মাক আলিস্তারের জায়গা অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে থাকতে পারেন মাক্সিমো পেরোনে। আর আক্রমণভাগের কেন্দ্রে স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজের ওপরই আস্থা রাখার কথা আলবিসেলেস্তেদের কোচের।

তবে একাদশের সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনটি হতে পারে নিকো পাজকে ঘিরে। উরুগুয়ের বিপক্ষে আক্রমণভাগের ডানদিকে খেলেছিলেন তিনি। এবার তাকে মাঝমাঠে নামিয়ে পরীক্ষা করতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে এঞ্জো ও মাক আলিস্তারের সঙ্গে তার সমন্বয় কেমন হয়, সেটিরও ধারণা পাওয়া যাবে।

পাজ মাঝমাঠে খেললে আক্রমণভাগে সুযোগ তৈরি হবে জিয়ানলুকা প্রেস্তিয়ানির জন্য। শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আরও রয়েছেন মাতিয়াস সুলে ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাদের মধ্যে কাকে বেছে নেন স্কালোনি, সেটিই এখন দেখার বিষয়।

রক্ষণভাগেও আসতে পারে পরিবর্তন। ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের বদলে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগার মধ্যে একজনকে খেলাতে পারেন কোচ। তবে সেন্টার-ব্যাক হিসেবে আগের ম্যাচের মতোই লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হতে পারেন লিওনার্দো বালের্দি।

চোট কাটিয়ে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজের ফেরা প্রায় নিশ্চিত। উরুগুয়ের বিপক্ষে শারীরিকভাবে ফিট থাকলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনার কোচ। সেই ম্যাচে গোলরক্ষক হিসেবে খেলা হেরোনিমো রুলি অবশ্য দারুণ কিছু সেভ করেছিলেন।

উরুগুয়ের বিপক্ষে হারের পর কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে স্কালোনির জন্য নতুনদের সামর্থ্য যাচাই এবং দলের বিকল্প খেলোয়াড়দের পরখ করার মঞ্চও এটি। বছরের শেষ ম্যাচে কারা নিজেদের প্রমাণ করতে পারেন, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।

Most Popular