Tuesday, November 24, 2026
Homeখেলাচ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা

হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেজিরে দুয়ের মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্যটি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য ছিল চরম পীড়াদায়ক। টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমেও টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে হ্যাটট্রিক পূরণের অভিযানে দারুণ শুরু করেছিল। কিন্তু সেরা দুই তারকাকে হারিয়ে এখন তাদের সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের স্বপ্ন বড় ধরনের বাধার মুখে পড়েছে।

লিগ পর্বের মাঝপথে টানা চার জয়ে ৩৬ দলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের দল। তবে গত মাসে বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে ছিটকে গিয়েছিলেন খিচা কাভারাতসখেলিয়া। ঠিক এক মাস পর শনিবার লিগ আঁ-তে নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে একই চোটে পড়লেন অসাধারণ ফর্মে থাকা দুয়ে।

ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে ২১ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের। যার অর্থ, চলতি মৌসুম এখানেই শেষ হয়ে গেল দুয়ের। অন্যদিকে, গত মৌসুমের নকআউট পর্বের সেরা খেলোয়াড় এবং এবারের ব্যালন ডি’অরে ষষ্ঠ হওয়া জর্জিয়ান উইঙ্গার কাভারাতসখেলিয়া সবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন দুয়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও দলের প্রধান ভরসা ছিলেন তিনি। তার চোটে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেল প্যারিসের ক্লাবটি।

যদিও কোচ লুইস এনরিকে মুখে আত্মবিশ্বাসের কথাই শোনালেন, ‘সে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমি চিন্তিত নই।’ তবে আক্রমণভাগের দুই সেরা অস্ত্রকে হারানো যে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক পূরণের পথে বড় অন্তরায়, তা ভালো করেই জানেন এই স্প্যানিশ কোচ।

বুধবার ঘরের মাঠে রোমার মুখোমুখি হওয়ার আগে এবং জানুয়ারির দলবদল সামনে রেখে এনরিকে বলেন, ‘দলবদলের বাজারে আমরা সবসময়ই সম্ভাবনার দ্বার খোলা রাখি, তবে তা কেবল আমাদের খেলোয়াড়রা চোটে পড়েছে বলেই নয়। আমাদের এমন খেলোয়াড় আছে যারা দলে এসে ভূমিকা রাখতে পারে এবং আমরা দলগতভাবেই এটি কাটিয়ে উঠব।’

গত দুই মৌসুমে ৩৪ গোল করা ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য এখন নিশ্চয়ই আক্ষেপ হচ্ছে এনরিকের। দুই তারকার অনুপস্থিতিতে এখন চোটপ্রবণ উসমান দেম্বেলের ওপর ফিট থাকার ও দলকে টানার চাপ বিশাল আকার ধারণ করেছে। আর পিএসজির এই বিপর্যয়ে শিরোপা পুনরুদ্ধারের বড় সুযোগ দেখছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও গতবারের রানার্সআপ আর্সেনালের মতো প্রতিদ্বন্দ্বীরা।

 

Most Popular