Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশগলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ঋত্বিক সাহা (৭) ওই গ্রামের বাসিন্দা টিপন সাহার ছেলে। পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পরিবারের বরাতে হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর পর দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিপন সাহার প্রতিবেশী এমদাদুল্লাহ জানান, গলায় লিচুর বিচি আটকে গেলে ঋত্বিকের শ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয়। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।’

Most Popular