Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশবাউফলে দুদিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, উৎকণ্ঠায় পরিবার

বাউফলে দুদিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, উৎকণ্ঠায় পরিবার

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার কিশোরী দুদিন ধরে নিখোঁজ রয়েছে। বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পায়নি পরিবার।

এই কিশোরীদের পরিবারগুলোর মধ্যে এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়েশা আক্তার (১৫)। তাদের মধ্যে সানজিদা ও ইসমত নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আয়েশা স্থানীয় অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে।

পরিবার জানায়, গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিদ্যালয়, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী ওইদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। পরে অভিভাবকদের কাছ থেকে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে কোনো মুঠোফোন নেই। ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে, বাস ও লঞ্চসহ বিভিন্ন যাতায়াতমাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হওয়ার পর চার শিক্ষার্থী বাড়ি ফেরেনি বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

Most Popular