কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গাড়ি পোড়ানো, বাড়িঘরে আগুন দেওয়া ও মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব করে মানুষের সহানুভূতি পাওয়া যাবে না। দলটিকে অতীতের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিচার মেনে নিতে হবে।
একইসঙ্গে সরকারের প্রতি গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণভোটের রায় মেনে নিন, আর আমরা আমাদের দলীয় জায়গা থেকে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা করে যাব।’
‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে’ আজ শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দলটির নেত্রী দেশে ফিরছেন, তারা আবার ক্ষমতায় আসছেন কিংবা সরকার বাতিল করে জাতীয় বা সামরিক সরকার গঠন করা হবে—এমন নানা প্রচারণায় বিচলিত হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, ‘যাদের হাতে সহস্রাধিক মানুষের লাশের গন্ধ এবং রক্ত, যারা ৪০ হাজার লোককে আহত করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, এই নিষ্ঠুরতাকে বাংলার মানুষ কখনো ভুলতে পারে না।’
আওয়ামী লীগকে এসব অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অপরাধের বিচার মেনে নেওয়ার মধ্য দিয়েই দলটিকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে।
‘গণহত্যার অপরাধের দায় নিয়ে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই হলো সমাধান,’ বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তার মূল ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু সরকার সেই সনদকে অগ্রাহ্য করছে। গণভোটের রায় না মানার কারণে সরকারই ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি করছে।
তিনি বলেন, ‘৭০ ভাগ লোকের রায় যদি না মানেন তবে কিসের জাতীয় ঐক্যের ডাক দেবেন? তাদের রায়টা মানেন, তাহলেই ফ্যাসিবাদ ঠেকাতে পারবেন।’
জামায়াতের এই নেতা বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই।
‘গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই,’ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাহার করতে হবে এবং সরকার গঠিত বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘কেন একদলীয় কমিটি করতে গেলেন? নোট অব ডিসেন্ট প্রত্যাহার করুন। বিশেষ কমিটির কাজ বন্ধ করে গণভোটে অনুমোদিত যে আইনি কাঠামো, সংবিধান সংস্কার পরিষদ—গণভোটে অনুমোদিত আইনি প্রক্রিয়ার পথ মেনে নিয়ে এই গণভোটের গণরায়টা মেনে নিতে পারেন।’
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলকে দায়ী না করে নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একটি জেলার সন্ত্রাসী কর্মকাণ্ডও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনা করা।
পরওয়ার আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক,’ বলেন এই নেতা।
সমাবেশের শুরুতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবদানের কথা স্মরণ করে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানান মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
‘আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে জামায়াতের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে।
