Tuesday, November 24, 2026
Homeখেলাদুই সেঞ্চুরি আর ক্যাচ মিসের মাশুলে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

দুই সেঞ্চুরি আর ক্যাচ মিসের মাশুলে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের ১১ ব্যাটসম্যান মিলে প্রথম ইনিংসে করেছিলেন ৯১ রান। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানই ছাড়িয়ে গেলেন সেই রান। এমনকি সপ্তম উইকেটেও স্বাগতিকরা গড়ল বাংলাদেশের পুরো ইনিংসের চেয়ে বড় জুটি। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে হতাশা, সঙ্গে একের পর এক ক্যাচ মিস মিলিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনটি কাটল বাংলাদেশের দুঃস্বপ্নের মতো।

মার্কেস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। মার্কো ইয়ানসেন অপরাজিত আছেন ৬৭ রানে। স্বাগতিকদের লিড এরই মধ্যে ৪০৩ রান। টেস্টের তিন দিন বাকি থাকলেও বাংলাদেশের সামনে এখন ইনিংস হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

আগের দিন বৃষ্টিবিঘ্নিত খেলায় বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৮৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে আবহাওয়ার উন্নতি হলেও বাংলাদেশের ক্রিকেটীয় ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বরং দিনভর বাংলাদেশের বোলারদের শাসন করে আরও ৪০৬ রান যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

দিনের শুরুতেই বাংলাদেশকে ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অ্যাকারম্যান ফিফটি পূর্ণ করেন দিনের দ্বিতীয় ওভারেই। জুবাইর হামজাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন তিনি। ২৭ রান করা হামজাকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ।

তবে এক প্রান্তে উইকেট হারালেও অন্য প্রান্তে দুর্বার ছিলেন অ্যাকারম্যান। শরীফুল ইসলামের পরপর দুই বলে চার মেরে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৭ রান করা এই ব্যাটসম্যান সেঞ্চুরিয়নেও পৌঁছে যান দেড় শ রানে। তাও মাত্র ১৩৮ বলে। শেষ পর্যন্ত শরীফুলের ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে থামে তার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। তাওহিদ হৃদয়ের পর ক্যাচ ছেড়েছেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও মাহফিজুল ইসলাম। টনি ডি জর্জিকে ফেরানোর সুযোগ পেয়েও নিজের বলে ক্যাচ ধরে রাখতে পারেননি তাসকিন। ইবাদত হোসেনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ছেড়েছেন অধিনায়ক শান্তও।

দ্বিতীয় সেশনে ম্যাথু ব্রিটজকেকে খালেদ ও রায়ান রিকেলটনকে শরীফুল ফিরিয়ে কিছুটা সাফল্য এনে দিলেও তাতে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামেনি। ২৬৫ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা।

শেষ সেশনে বাংলাদেশের হতাশা আরও বাড়িয়েছেন মুল্ডার ও ইয়ানসেন। সপ্তম উইকেটে ১৭৬ বলে ১০৬ রান যোগ করেন দুই অলরাউন্ডার। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা ইয়ানসেনকে ফেরানোর সুযোগও পেয়েছিল বাংলাদেশ। তবে মুমিনুল হকের বলে শর্ট কাভারে তার ক্যাচ নিতে পারেননি মাহফিজুল। তখন ৫৮ রানে ছিলেন ইয়ানসেন।

দিনের শেষ ওভারে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার। তবে এরপর আর নিজের ইনিংস দীর্ঘ করতে পারেননি তিনি। অনিয়মিত অফ স্পিনার হৃদয়ের বলে উইকেটের পেছনে জাকের আলীকে ক্যাচ দিয়ে ফেরেন মুল্ডার। ১৭৮ বলে ঠিক ১০০ রান করেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান হৃদয়।

৯১ বলে ৬৭ রানে অপরাজিত থাকা ইয়ানসেনের সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন সাইমন হার্মার।

Most Popular