Wednesday, July 1, 2026
Homeখেলা‘এমবাপে অবশ্যই সেরা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওলিসে’

‘এমবাপে অবশ্যই সেরা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওলিসে’

গোলের পর গোল করে নিয়মিত শিরোনাম হয়ে চলেছেন কিলিয়ান এমবাপে, যা তাঁর জন্য নতুন কিছু নয়। সুইডেনের বিপক্ষে বড় জয়ের পর যথারীতি চলছে এমবাপে-বন্দনা। তবে থিয়েরি অঁরি এমবাপে ছাড়াও আরেকজনের কথা বলছেন, যিনি হতে পারেন ফ্রান্সের শিরোপা জয়ের পথে এক্স-ফ্যাক্টর। তিনি মাইকেল ওলিসে।

গোল না পেলেও গোটা ম্যাচে সুইডেনকে নাচিয়ে ছেড়েছেন ওলিসে। এমবাপে ও বারকোলাকে গোল বানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টে এখনও পর্যন্ত করেছেন ৫টি অ্যাসিস্ট। ওলিসের এমন পারফরম্যান্সে মুগ্ধ ফরাসি কিংবদন্তি অঁরি। ফক্স স্পোর্টসে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ২৪ বছর বয়সী বায়ার্ন তারকাকে ভাসিয়েছেন অকুণ্ঠ প্রশংসায়। বলেছেন, এমবাপে ফ্রান্সের সেরা খেলোয়াড় হলেও এবারের বিশ্বকাপে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওলিসে। 

এবারের বিশ্বকাপে ফক্স স্পোর্টসের হয়ে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন অঁরি। সেখানেই উপস্থাপক তাঁর কাছে ওলিসের পারফরম্যান্স সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য অঁরি বলেছেন, ‘এমভিপি (সেরা খেলোয়াড়) সবসময়ই এমবাপেই হবে, কারণ তাঁর মতো পরিসংখ্যান অন্য কারোর নেই। তবে ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাইকেল ওলিসে’। 

ওলিসেকে অনেক আগে থেকেই খুব কাছ থেকে দেখেছেন অঁরি। প্যারিস অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ছিলেন অঁরি। সেই দলে ছিলেন ওলিসেও। রৌপ্যপদক জেতা ফ্রান্সের হয়ে সেবার ছয় ম্যাচে দুই গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছিলেন ওলিসে। 

গোল করা ও বানিয়ে দেয়ায় সমান পারদর্শী হলেও অঁরি আলাদাভাবে প্রশংসা করেছেন ওলিসের ডিফেন্সিভ দক্ষতাকে, ‘আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলাম, যখন বল পায়ে থাকে না তখন ওলিসে যা করে, তা আর কেউ করে না। একজন খেলোয়াড় বল পায়ে থাকলে কী করতে পারে, এটি নিয়েই বেশিরভাগ মানুষ কথা বলে। ওলিসের মতো এরকম অসাধারণ টেকনিক সম্পন্ন খেলোয়াড়েরা অনেক সময় নিজেদের ডিফেন্সিভ দায়িত্বের কথা ভুলে যায়। তবে ওলিসে একদমই আলাদা’। 

বায়ার্ন মিউনিখে ওলিসে রাইট উইংয়ে বেশিরভাগ সময় খেললেও ফ্রান্স দলে দিদিয়ের দেশম তাঁকে ব্যবহার করছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। নতুন এই ভূমিকায় ওলিসে মানিয়েও নিয়েছেন দারুণভাবে। অঁরি বলছেন, ওলিসের ফুটবল বোঝার ক্ষমতা বাকিদের থেকে অনেকটা আলাদা, ‘সে বাকিদের চেয়ে ভিন্নভাবে খেলাটাকে বোঝে। সে খুব দ্রুত চিন্তা করতে পারে। অসাধারণ একজন ফুটবলার সে। আমার সৌভাগ্য হয়েছিল তাকে কোচিং করানোর। অনুশীলনে সে এমন সব জিনিস করত, অজান্তেই আমার মুখ দিয়ে বের হয়ে যেত, কী দুর্দান্ত! আমি আমার সহকারীকে বলতে বাধ্য হয়েছিলাম, দেখেছো ছেলেটা কি করলো? সে ভিন্নগ্রহের খেলোয়াড়’। 

ফ্রান্স দলে এমবাপে-দেম্বেলের সাথে ওলিসের রসায়ন জমেছে দুর্দান্ত। টুর্নামেন্টে ফ্রান্সের করা ১৩ গোলের মধ্যে ৫টি একা বানিয়ে দিয়েছেন ওলিসে। সুইডেনের বিপক্ষে পেতে পারতেন প্রথম গোলও, তবে তাঁর ওভারহেড কিক পোস্টে লেগে ফেরত আসে।  

 

Most Popular