কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ক ৬ লেন করাসহ ৯ দাবিতে পটুয়াখালীতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াকাটা-পায়রা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মী, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, প্রেসক্লাব ও নাগরিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, ‘দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। পদ্মাসেতু চালুর পর থেকে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি যানজট ও দুর্ঘটনাও বেড়েছে। এ অবস্থায় মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।’
চলতি অর্থ বছরের বাজেটে এই প্রকল্পে বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।
৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ ও শিল্পাঞ্চল গড়ে তোলা।
গতকাল মঙ্গলবার একই দাবিতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানববন্ধন কর্মসূচি পালন করে।
