Friday, November 20, 2026
Homeখেলাএমএলএসে পারিশ্রমিকে সবার ওপরেই মেসি, কত পাচ্ছেন?

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরেই মেসি, কত পাচ্ছেন?

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের জায়গাটা এবারও নিজের দখলে রেখেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত বেতনের তালিকা অনুযায়ী, নিশ্চিত পারিশ্রমিক হিসেবে আর্জেন্টাইন এই মহাতারকা পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য—প্রায় ৩৫৩ কোটি টাকা! তালিকার দুই নম্বরে আছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

Messi.jpgচলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভানডফস্কি পাচ্ছেন ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার (প্রায় ২৪৩ কোটি ৩১ লাখ টাকা)। তালিকার পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান (১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার বা প্রায় ১৭৩ কোটি ৮২ লাখ টাকা), লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার বা প্রায় ১৩৯ কোটি ৮ লাখ টাকা) এবং আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো (১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ১৩৪ কোটি ৮১ লাখ টাকা)।

ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড়দের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করছে মেসির দল ইন্টার মায়ামি। দলটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ৭৪০ কোটি ৪২ লাখ টাকা)। ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার নিয়ে এরপরই আছে শিকাগো ফায়ার। শীর্ষ পাঁচে থাকা বাকি তিনটি ক্লাব হলো আটলান্টা ইউনাইটেড (৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার) ও এলএএফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার)।

অন্যদিকে, লিগে সবচেয়ে কম পারিশ্রমিক দিচ্ছে ফিলাডেলফিয়া ইউনিয়ন (১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার)। তাদের ঠিক ওপরেই আছে স্পোর্টিং কানসাস সিটি (১ কোটি ৩৩ লাখ ডলার) ও ডিসি ইউনাইটেড (১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)।

গত ৯ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে আসা খেলোয়াড়দের বেতন বার্ষিক হিসাবে রূপান্তর করে এতে যোগ করা হয়েছে।

 

Most Popular