চলতি মাসের প্রথমার্ধেই ধীরে ধীরে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু (বর্ষা)। একইসঙ্গে আগামী মাসে দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় তৈরি এক মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিদায়ী সেপ্টেম্বরের পর্যালোচনায় আবহাওয়া অফিস জানিয়েছে, গত মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেখানে স্বাভাবিক গড় ২৭৭ মিলিমিটারের বিপরীতে ১২ শতাংশ বেশি, অর্থাৎ ৩৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে। সেখানে স্বাভাবিকের চেয়ে ৪৪ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিক ৩৭১ মিলিমিটারের বিপরীতে গত মাসে বৃষ্টিপাত হয়েছে ২০৭ মিলিমিটার।
সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এছাড়া ২৮ সেপ্টেম্বর সিলেটে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে তিন থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এছাড়া ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে।
অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় এল নিনো পরিস্থিতির কারণে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং বেশি দিন ও রাতের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
