মাথায় নতুন চুল গজাবে এবং শতভাগ চুল পড়া বন্ধ হবে, এমন চটকদার ও ‘অলৌকিক’ বিজ্ঞাপনী প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেদারসে ব্যবসা ফেঁদে বসেছে ‘ন্যাচারালস বাই রাখি’ নামের একটি অনলাইন প্রতিষ্ঠান। নিজেদের অখ্যাত ও সাধারণ মানের তেলকে রাতারাতি কার্যকারী প্রমাণ করতে প্রতিষ্ঠানটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশের একঝাঁক নামি-দামি তারকাদের। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এসব তারকারা ক্যামেরার সামনে এসে অবলীলায় বলছেন, “এই তেল ব্যবহারে আমার নতুন চুল গজিয়েছে।” আর তারকাদের এমন অন্ধত্ব ও সস্তা ব্র্যান্ডিংয়ের ফাঁদে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজারো সাধারণ মানুষ।
সম্প্রতি এই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে যুক্ত হতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব ও জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। বিজ্ঞাপনে তাদেরকে এই তেলের গুণগান গাইতে দেখা গেলেও, সচেতন মহল একে দেখছেন ‘সস্তা ব্র্যান্ডিং’ এবং ‘জনগণের সঙ্গে প্রতারণা’ হিসেবে।
অনুসন্ধানে দেখা যায়, ‘ন্যাচারালস বাই রাখি’ মূলত এক ধরনের সাধারণ হেয়ার অয়েল বা তেল বিক্রি করে থাকে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যেখানে বলে—বংশগত বা হরমোনজনিত কারণে চুল পড়ার সুনির্দিষ্ট চিকিৎসা ছাড়া শুধু তেল মেখে রাতারাতি নতুন চুল গজানো অসম্ভব, সেখানে এই প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের তেল ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে এবং টাক মাথায় চুল গজাবে।
এই অবৈজ্ঞানিক দাবিকে বিশ্বাসযোগ্য করতে তারা দেশের প্রথম সারির তারকাদের টাকার বিনিময়ে ভাড়া করছে। তারকারাও কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই স্ক্রিপ্ট দেখে ক্যামেরার সামনে মিথ্যা দাবি করছেন। সাধারণ মানুষ তাদের প্রিয় তারকাদের দেখে বিভ্রান্ত হয়ে হাজার হাজার টাকা খরচ করে এই তেল কিনছেন। কিন্তু কিছুদিন ব্যবহারের পরই বুঝতে পারছেন, তারা প্রতারণার শিকার হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তেলের পেজে এবং বিভিন্ন গ্রুপে অনেক ভুক্তভোগী তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, পূর্ণিমা আপুর মতো একজন বড় অভিনেত্রীর কথা বিশ্বাস করে ২ হাজার ৫০০ টাকা দিয়ে তেলটা কিনেছিলাম। দুই মাস ব্যবহারের পর চুল গজানো তো দূরের কথা, আগের চেয়ে চুল পড়া আরও বেড়ে গেছে। এসব তারকারা টাকার জন্য মানুষের আবেগ নিয়ে এভাবে খেলা করতে পারে, ভাবতেও ঘৃণা লাগে।”
আরেক ভুক্তভোগী জানান, নায়ক নিরবের একটি ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হয়ে তেলটি অর্ডার করেছিলেন। কিন্তু ফলাফল শূন্য। পেজে অভিযোগ জানালে তাকে ব্লক করে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
চর্ম ও চূল বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট) চিকিৎসকদের মতে, বাজারে প্রচলিত কোনো তেলই রাতারাতি নতুন চুল গজাতে পারে না। তেল মূলত চুলের কন্ডিশনিংয়ের কাজ করে। যদি কারো মাথায় নতুন চুল গজাতে হয়, তবে তার জন্য সুনির্দিষ্ট ডাক্তারি থেরাপি বা ওষুধের প্রয়োজন। তারকাদের দিয়ে এমন মিথ্যা বিজ্ঞাপন দেওয়ানো সম্পূর্ণ বেআইনি এবং এক ধরনের ডিজিটাল প্রতারণা।
সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র নিজের পকেট ভারী করার জন্য তারকাদের এই ধরণের সস্তা ও ভিত্তিহীন ব্র্যান্ডিংয়ে যুক্ত হওয়া থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে, সাধারণ মানুষকে অলৌকিক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভোক্তাদের দাবি, এই ধরণের ভুয়া ও প্রতারণামূলক পেজের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে ন্যাচারাল বাই রাখির প্রতিষ্ঠাতা রাখির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
