বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে একটি চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে দেশটির স্থানীয় সময় বুধবার বিকেলে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এসময় বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’
নিউইয়র্কে অনুষ্ঠেয় চুক্তি সই অনুষ্ঠানটি তিনি দেখবেন বলেও পোস্টে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে গত এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করে বাংলাদেশ। যা ছিল বিমানের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ কেনার চুক্তি।
