জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও সাংবাদিক নঈম নিজাম দম্পতির বিরুদ্ধে পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
ফরিদা ইয়াসমিন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। তার স্বামী নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক ও নিউজ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
দুদক জানায়, ফরিদা ইয়াসমিন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে মোট ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগেও পৃথক মামলা অনুমোদন করেছে কমিশন।
অন্যদিকে, নঈম নিজাম জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেছে দুদক। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের অভিযোগও রয়েছে।
দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দুটি করার অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দুদক অনুমোদন করেছে বলেও জানান সংস্থাটির সচিব।
