Wednesday, September 23, 2026
Homeখেলাসাইফউদ্দিনের জায়গায় এশিয়ান গেমস দলে আলিস

সাইফউদ্দিনের জায়গায় এশিয়ান গেমস দলে আলিস

চোটের কারণে এশিয়ান গেমস শেষ হয়ে গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। তার জায়গায় বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অফস্পিনার আলিস আল ইসলাম। জাপানে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট দলে এবারই প্রথমবারের মতো সুযোগ পেলেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া এই ক্রিকেটার।

২৯ বছর বয়সী আলিসকে সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবেই বিবেচনা করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। সেই সিরিজে বল হাতে কার্যকর ভূমিকা রাখার পর এবার জাতীয় দলের এশিয়ান গেমসের স্কোয়াডে জায়গা করে নিলেন এই অফস্পিনার।

ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন। অনুশীলনে বোলিং করার সময় ব্যথা অনুভব করার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর চোট ধরা পড়ে। পুনর্বাসনে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি।

আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দল।

 

Most Popular