Wednesday, September 23, 2026
Homeবিদেশফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের একটি পর্যটনকেন্দ্রের কাছে ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৮৬ জন নিখোঁজ আছেন। 

আজ বৃহস্পতিবার স্থানীয় কোস্টগার্ডের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কোস্টগার্ড জানায়, বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুনের সূত্রপাত ঘটে। 

এই দুর্ঘটনায় মৃত পাঁচজনের মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়েছে।

কোস্টগার্ড ফেসবুকে এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে। এতে ফেরির বেশিরভাগ অংশজুড়ে আগুন জ্বলতে দেখা যায়।  

ঘটনার খবর জানতে উৎকণ্ঠিত শত শত মানুষ কোরন শহরের মেয়রের ফেসবুক পেজে মন্তব্য করে তাদের স্বজন, বন্ধু এমনকি একটি কুকুরেরও খোঁজ জানতে চেয়েছে। 

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব একটি স্থানীয় রেডিও স্টেশনকে জানান, ‘৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ৮৭ জন নিখোঁজ আছেন।’

কায়াবিয়াব জানান, ফেরির নথি অনুযায়ী এতে যাত্রী ও ক্রুসহ মোট ১৩৪জন আরোহী ছিলেন। 

তিনি বলেন, উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু।

কয়েক ঘণ্টা পর ফিলিপাইন কোস্টগার্ড সাংবাদিকদের জানায়, আরও একজনকে উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফেরিটিতে কোনো বিদেশি ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মেরিনট্রাফিকের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জুন অ্যাস্টার ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল।

 

Most Popular