Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালীশংকরপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোনায়েম হোসেন ওরফে মোলাম (৫০) ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কালীশংকরপুর বাজার থেকে ফেরার সময় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় মোনায়েমের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মোনায়েমের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। তার সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।’

তার স্বামী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান শিল্পী।

ওসি মাসুম খাঁন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য মোনায়েম হোসেনকে মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন।’

‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে,’ যোগ করেন তিনি।

Most Popular