Tuesday, July 7, 2026
Homeবাংলাদেশসাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকার সাভারে গতকাল সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।

তাদের রাজনৈতিক পরিচয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না। অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের কাজ।

এদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রাত ২টার দিকে পৌরসভার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীবকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের সাবেক নেতা। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার আরেক পরিচয় হলো, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের কর্মী। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দুজনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

Most Popular