গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি।
মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে গত ২৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
আজ শুক্রবার সকালে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।
এতে আরও বলা হয়, কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়। এ সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে এজাহারে।
বিজিবির পাশাপাশি টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা করে পুলিশ। ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
দুটি মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
