আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর পর্তুগিজ মহাতারকা রোনালদোর সেখানে উপস্থিত থাকার ব্যাপারে আশাবাদী তেভেজ নিজেও।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি রোনালদোও মাঠে থাকবেন বলে আত্মবিশ্বাসী তিনি। সেক্ষেত্রে দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।
৪২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। অন্যদিকে, ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি সতীর্থ ছিলেন রোনালদোরও। তাই তার বিদায়ী ম্যাচে দুজনেরই উপস্থিত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুটা বোকা জুনিয়র্সে করা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো ক্লাব ঘুরে ২০১৮ সালে স্বদেশি ক্লাবটিতে ফিরে আসেন। সেখানেই তিন বছর কাটিয়ে ২০২২ সালে ফুটবলকে বিদায় জানান। তবে তার বিদায়ী ম্যাচটি এখনও খেলা হয়নি।
মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী মহাতারকা হিসেবে পরিচিত। বিশেষ করে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো দুজন একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
মেসি-রোনালদো ছাড়াও ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে একঝাঁক নামী ফুটবলারের। তাদের মধ্যে আছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।
