Saturday, November 28, 2026
Homeবিদেশমশা দিয়েই ডেঙ্গু প্রতিরোধ, কীভাবে?

মশা দিয়েই ডেঙ্গু প্রতিরোধ, কীভাবে?

ডেঙ্গু ছড়ায় মশা। আর সেই মশাকেই কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন পদ্ধতি পরীক্ষা করে আশাব্যঞ্জক ফল পেয়েছেন বিজ্ঞানীরা। ব্রাজিলে পাঁচ হাজার ৭০০ শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেসব এলাকায় বিশেষ ধরনের ব্যাকটেরিয়াবাহী মশা অবমুক্ত করা হয়েছে সেখানে শিশুদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের হার প্রায় ৬৯ শতাংশ কমেছে।

গবেষণাটি নতুন প্রমাণ হাজির করেছে যে, কীটনাশক ব্যবহার এবং মশার কামড় এড়িয়ে চলার পরিবর্তে উপকারী ব্যাকটেরিয়াবাহী মশার প্রজনন ও অবমুক্ত করা ডেঙ্গু প্রতিরোধের একটি কার্যকর কৌশল হতে পারে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের’ এক সম্মেলনে এই গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিজ্ঞানীরা।

সম্মেলনের প্রেসিডেন্ট ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ডেভিড হ্যামার (যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না) বলেন, ‘এটি সত্যিই অত্যন্ত আশাব্যঞ্জক।’

তার মতে, বিদ্যমান মশাবাহিত রোগ প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি নতুন এই পদ্ধতি প্রয়োগ করলে বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের এটাই সর্বশেষ উদ্যোগ।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের একদল গবেষক ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে গবেষণাটি চালান।

যেভাবে কাজ করে পদ্ধতিটি

গবেষকরা পরীক্ষাগারে ডেঙ্গুবাহী এডিস ইজিপ্টাই মশার শরীরে ‘ওলবাকিয়া’ নামে একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান এবং সেগুলো অবমুক্ত করেন। এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয় এবং অনেক ধরনের পোকামাকড়ের শরীরে স্বাভাবিকভাবেই পাওয়া যায়। তবে ডেঙ্গু ছড়ানো এডিস ইজিপ্টাই মশার শরীরে সাধারণত এটি থাকে না।

এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাসের বংশবিস্তার কঠিন করে তোলে।

স্ত্রী মশা ডিমের মাধ্যমে তার বংশধরদের শরীরে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়। ফলে কোনো এলাকায় পর্যাপ্তসংখ্যক বিশেষভাবে প্রজনন করা পুরুষ ও স্ত্রী মশা ছেড়ে দেওয়া হলে, ধীরে ধীরে স্থানীয় মশার গোষ্ঠীর মধ্যে ওলবাকিয়া ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে।

এর আগে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে মাঠপর্যায়ে এই পদ্ধতির পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, এই কৌশল ডেঙ্গু শনাক্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

তবে ব্রাজিলের গবেষণাটি আগের গবেষণাগুলোর চেয়ে আরও এক ধাপ এগিয়েছে। কারণ, হালকা উপসর্গ থাকা অনেক রোগী চিকিৎসকের কাছে যান না বা তাদের রোগ শনাক্ত হয় না।

ব্রাজিলে গবেষকরা শুধু ডেঙ্গু শনাক্ত রোগীদের ওপর এই পরীক্ষা চালাননি। বরং তারা দুটি আলাদা এলাকার শিশুদের বেছে নেন। একটি এলাকায় কীটনাশক প্রয়োগসহ প্রচলিত মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল এবং অন্য এলাকায় ওলবাকিয়া ব্যাকটেরিয়াবাহী মশা অবমুক্ত করা হয়েছিল।

চার বছর ধরে পাঁচ হাজার ৭০০ শিশুর রক্তের নমুনা পরীক্ষা করেন তারা এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণের প্রমাণ খুঁজেন।

ফলাফলে দেখা গেছে, ওলবাকিয়াবাহী মশা অবমুক্ত করা এলাকার মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে সংক্রমণ পাওয়া গেছে। অন্য এলাকার ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ।

গবেষণায় আরও দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ প্রায় ৬৯ শতাংশ ও চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে। জিকার সংক্রমণও খুব কম পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অন্যতম শীর্ষ দেশ ব্রাজিল। বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় ১০ শতাংশই এই দেশে শনাক্ত হয়।

আরও যেসব দেশে এই পদ্ধতির প্রয়োগ

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মালিকানাধীন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) প্রথম ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ওলবাকিয়াবাহী মশা ব্যবহার শুরু করে।

সংস্থাটি দীর্ঘদিন ধরে ‘ওলবাকিয়া মসকিটো রিলিজ প্রজেক্ট’ নামে একটি কর্মসূচি চালিয়ে আসছে।

এর আওতায় রয়েছে কলম্বিয়ার আবুরা উপত্যকা এবং ব্রাজিলের নিতেরই শহরসহ বিভিন্ন এলাকা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।

সিঙ্গাপুরে ২০১৬ সাল থেকে একই ধরনের একটি পদ্ধতি প্রয়োগ করা হয়। তবে সেখানে লক্ষ্য ছিল মশার সংখ্যা কমানো। এ জন্য গবেষকরা ওলবাকিয়াবাহী পুরুষ মশা অবমুক্ত করেন। ফলে স্ত্রী মশার সঙ্গে মিলিত হলেও যেসব ডিম তৈরি হয়, তা থেকে বাচ্চা ফোটে না। ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমে আসে।

কেন এটি গুরুত্বপূর্ণ

গবেষকেরা জোর দিয়ে বলেছেন, এই পদ্ধতি দীর্ঘমেয়াদে নিজে থেকেই কার্যকর থাকতে পারে। পাশাপাশি মশা মারার জন্য কীটনাশক ছিটানোর তুলনায় এটি পরিবেশের জন্য বেশি সহনশীল। কারণ, কীটনাশক প্রয়োগ ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বিষাক্তও হতে পারে। পরিবেশের জন্যও ক্ষতিকর।

গবেষকরা জানান, তাদের মূল লক্ষ্য হলো নির্দিষ্ট এলাকায় ওলবাকিয়াবাহী মশার স্থায়ী স্থানীয় গোষ্ঠী গড়ে তোলা।

এজন্য ইতোমধ্যে ডব্লিউএমপি মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির আওতায় স্থানীয় কমিউনিটি নেতাদের সহযোগিতায় পূর্ণবয়স্ক মশা ছেড়েছেন গবেষকরা। অনেক এলাকায় ওলবাকিয়াবাহী মশার ডিম রেখে দিয়েছেন তারা। যাতে ওই ডিম থেকে মশা জন্ম নিয়ে স্থানীয় মশার সঙ্গে মিশে যায়।

গবেষকদের মতে, এই পদ্ধতিতে সময়ের সঙ্গে সঙ্গে ওলবাকিয়াবাহী মশার সংখ্যা বাড়বে এবং সেগুলো ওই এলাকায় স্থায়ীভাবে বিস্তার লাভ করবে।

বাংলাদেশে ওলবাকিয়াবাহী মশার প্রজনন পদ্ধতি

বাংলাদেশেও ডেঙ্গুর প্রকোপ ব্যাপক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫২৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৪০ জনে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালাচ্ছে।

পাশাপাশি ওলবাকিয়াবাহী মশার প্রজনন পদ্ধতি ব্যবহার নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের বিষয় বিবেচনাধীন রয়েছে।

গত ৬ মে এ নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।

এর আগে, গতবছর ডিসেম্বরে এ পদ্ধতি বাস্তবায়নে সহায়তার জন্য গবেষণা সংস্থা ডব্লিউএমপির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সরকার।

Most Popular