Saturday, November 28, 2026
Homeবিনোদনমিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে?

মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে?

ভক্তদের চমকে দিয়ে বিয়ের খবর জানালেন কলকাতার অভিনেত্রী ও সাবেক পার্লামেন্ট মেম্বার মিমি চক্রবর্তী। মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। ২৬ নভেম্বর কলকাতায় নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে নিবন্ধন হয়।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন মিমি। এত দিন ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা না বললেও এবার বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

Mimi Chakraborty - Kalakar House

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে অনুযায়ী, বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিশেষ দিনটিতে মিমি ও সিদ্ধার্থ দুজনেই সাদা ও সোনালি রঙের পোশাক পরেছিলেন।

প্রকাশিত ছবিগুলোতে বিয়ের আংটি পরানো, বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষরের মুহূর্ত দেখা গেছে। একটি ছবিতে সিদ্ধার্থের আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায় মিমিকে। অন্য একটি ছবিতে নবদম্পতিকে আলিঙ্গন করতে দেখা যায়। তবে একটি ছবিতে স্বামীর মুখ আংশিক আড়াল করে রেখেছেন অভিনেত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

 

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ মিমি চক্রবর্তীর স্বামী সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের কেউ নন। তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত একজন মেরিন ইঞ্জিনিয়ার। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এক বন্ধুর মাধ্যমে মিমি ও সিদ্ধার্থের পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্বের সম্পর্কে গড়ায়। তবে নিজেদের সম্পর্কের কথা তারা ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন।

Mimi Chakraborty | SISE Talent | SISE

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, কলকাতায় আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন হলেও ডিসেম্বর মাসে কালিম্পংয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা চলবে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ৫ ডিসেম্বর তাদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। এর আগে ৩ ডিসেম্বর শুরু হবে বিয়ের আয়োজন।

৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত অনুষ্ঠানের পরিকল্পনা আছে তাদের। এ ছাড়া ১১ ডিসেম্বর কলকাতায় বন্ধু, স্বজন ও বাংলা চলচ্চিত্রজগতের সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হতে পারে।

Mimi Chakraborty Looks Ethereal in Magenta Silk | Mimi Chakraborty Looks  Ethereal in Magenta Silk

বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে পরিচিতি পান মিমি চক্রবর্তী। পরে বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বেশ কয়েকটি আলোচিত বাংলা সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

Most Popular