Thursday, November 26, 2026
Homeখেলাদক্ষিণ আফ্রিকার লিড বাড়ছে, বাংলাদেশের বাড়ছে হতাশা

দক্ষিণ আফ্রিকার লিড বাড়ছে, বাংলাদেশের বাড়ছে হতাশা

চরম ব্যাকফুটে থাকা অবস্থা থেকে দক্ষিণ আফ্রিকার পিছু নিয়ে খুব একটা তাল পাচ্ছে না বাংলাদেশ। মার্কাস অ্যাকারম্যানের সেঞ্চুরির পর টনি ডি জর্জি তুলে নিয়েছেন ফিফটি। আড়াইশ ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার লিড।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৬ রান। ইতিমধ্যে ২৬৫ রানের লিড নিয়ে ফেলেছে তারা। দ্বিতীয় সেশনে ৩২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২৮ রান যোগ করেছে স্বাগতিক দল। ডি জর্জি ৬৩ ও মুল্ডার ৩৩ রান করে ক্রিজে আছেন।

৩ উইকেটে ২২৮ রান নিয়ে লাঞ্চের পর সুযোগ দিয়েছিলেন ম্যাথু ব্রিটজকে। ইবাদত হোসেনের বলে ১০ রানে স্লিপে তার ক্যাচ ফেলেন নাজমুল হোসেন শান্ত। তবে জীবন পেয়েও আর ১০ রান যোগ করে খালেদ আহমেদের বলে আলতু ক্যাচে বিদায় নেন এই ব্যাটার।

এর মধ্যে একটা রিভিউ নষ্ট করে বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ন রায়ান রিকেলটন এসে দ্রুত রান আনার তালে ছিলেন। ৩ চারে ২০ রান করার পর শরিফুল ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরে বাজে বল তাড়া করে ক্যাচ দেন তিনি।

এরপর আর বিপর্যয় নয়। ফিফটির আগে মুমিনুল হকের বলে রিভিউ নিয়ে বাঁচেন ডি জর্জি। বাকি ব্যাটারদের মতো আগ্রাসী ছিলেন না তিনি। প্রান্ত ধরে রান বাড়িয়ে গেছেন বাঁহাতি ব্যাটার।

তার সঙ্গে ক্রিজে এসে দ্রুতই জুটি পেয়ে গেছেন ভিয়ান মুল্ডার। দুজনে যোগ করেছেন ৬০ রান।

প্রথম দিনে বৃষ্টিতে এক সেশন ভেসে যাওয়ার পর বাংলাদেশ ব্যাট করতে নেমে ৯১ রানে গুটিয়ে যায়। পরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে সহজেই লিড বড় করে দাপট দেখাচ্ছে।

ম্যাচের পরিস্থিতি বলছে বাংলাদেশ একদম কোণঠাসা। প্রথম সেশনে ঝড়ো ব্যাট করে ১৩৮ বলে ১৫০ রান করে যান অ্যাকারম্যান। ঠিক বিপরীতমুখী ইনিংসে ডি জর্জি ধরে রাখেন দলের নাটাই। ম্যাচের নাটাইও পুরোপুরি প্রোটিয়াদের হাতে। চার পেসারের ওপর চাপ পড়ে যাওয়ায় অনিয়মিত তিন বোলারকে ব্যবহার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত এক ওভার বল করেই দেন ২০ রান। মুমিনুল হক কিছু সুযোগ তৈরি করেছেন বটে, তবে ১২ ওভারে ৪৮ দিয়ে তিনি উইকেটশূন্য। তাওহিদ হৃদয়কে দিয়েও ৫ ওভার বল করিয়েছে বাংলাদেশ।

দিনের শেষ সেশনে দ্বিতীয় নতুন বল নিয়ে সাফল্যের অপেক্ষায় থাকবে সফরকারীরা।

 

Most Popular