নেপালে গত আগস্টে ভয়াবহ বন্যার পর থেকে নিখোঁজ থাকা হাজারো মানুষকে আইনিভাবে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে দেশটির প্রশাসন। ভয়াবহ ওই দুর্যোগের তিন মাস পর এ উদ্যোগ নেওয়া হলো।
আজ বৃহস্পতিবার দেশটির প্রশাসন এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
এর আগে, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের একটি উঁচু পার্বত্য হিমবাহ ধসে পড়ে। এতে পাহাড় থেকে নেমে আসে বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর ও ধ্বংসাবশেষ। ভয়াবহ এই বন্যায় নেপালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। নিখোঁজ হন ৫ হাজার ৫০০ জনেরও বেশি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাম বাহাদুর কেসি এএফপিকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করে তাদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্তৃপক্ষ এরই মধ্যে প্রায় ৪ হাজার নিখোঁজ ব্যক্তির নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের মধ্যে ৬২৩ জন বিদেশি নাগরিক।
নামের তালিকায় কোনো ভুল থাকলে বা কারও বিষয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনে তালিকায় আরও নাম যুক্ত করা হবে।
আইনি প্রক্রিয়া শেষ হলে সরকার আনুষ্ঠানিকভাবে তাদের মৃত ঘোষণা করবে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
গত মাসে নেপালের আইনে পরিবর্তন আনা হয়। এর ফলে দুর্যোগে নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণার জন্য অপেক্ষার সময় ১২ বছর থেকে কমিয়ে প্রায় ছয় সপ্তাহ করা হয়েছে।
হিমালয় অঞ্চলের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দুর্যোগ ছিল এবারের বন্যা। কয়েক সপ্তাহ ধরে শত শত উদ্ধারকর্মী কাদা ও ধ্বংসস্তূপের পাহাড়ে তল্লাশি চালিয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জীবিত উদ্ধার করা গেছে মাত্র কয়েকজনকে। এ পর্যন্ত মাত্র ১১২ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুসনদ না থাকায় অনেক পরিবার ক্ষতিপূরণ দাবি করতে পারছে না। পাশাপাশি সম্পত্তি হস্তান্তরসহ বিভিন্ন আইনি কাজেও জটিলতার মুখে পড়েছে তারা।
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত সেপ্টেম্বরে জানিয়েছিল, সীমান্তের তিব্বত অংশে বন্যায় ৪৩ জন নিহত এবং ৫১৯ জন নিখোঁজ হয়েছেন। তখন পরিস্থিতি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানানো হয়েছিল। এরপর থেকে এ বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি বেইজিং।
বৃহস্পতিবার এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পরামর্শ দেন।
